নতুন করে চাঙা হওয়ার চেষ্টায় থাকা তালেবান, আল-কায়েদার ইয়েমেমি শাখা ও তাদের সঙ্গে যুক্ত মাঝারি ও ছোট বিভিন্ন সংগঠন, বোকো হারাম আর আল-শাবাব। জঙ্গি সংগঠনের তালিকাটা ইতিমধ্যেই দীর্ঘ। এদের সামলাতেই যখন বিশ্ব জেরবার, তখনই নাটকীয়ভাবে ইরাকে উত্থান ঘটে ইসলামিক স্টেটের (আইএস)। জিম্মি করে রাখা কয়েকজন পশ্চিমা নাগরিকের শিরশ্ছেদ করে নির্মমতার জন্য বিশ্বজুড়ে শিরোনাম হয় তারা। সংখ্যালঘু আর ভিন্নমতাবলম্বীরা তাদের আক্রমণের শিকার হতে থাকে। ইরাকের পর আইএসের কবলে পড়ে গৃহযুদ্ধপীড়িত সিরিয়া।
একের পর এক পাশ্চাত্যের নাগরিকের শিরশ্ছেদ করে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘুম হারাম করে দিয়েছিল আইএস। তবে ইরাকের সিনজার পার্বত্য অঞ্চলের বাসিন্দা সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের ওপর হত্যাযজ্ঞই যুক্তরাষ্ট্রকে আইএসের বিরুদ্ধে হামলা শুরু করতে প্ররোচিত করে। অন্তত সাদা চোখে সেটাই দেখা যায়। ইরাক ও সিরিয়ায় আইএসের ওপর মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর সংগঠনটি বিশ্বের বিভিন্ন স্থানে পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করে।
বছরের শেষ দিকে আইএস সমর্থকদের হামলায় রক্তাক্ত হয়েছে ফ্রান্সের প্যারিস। ১৩ নভেম্বর শহরটির কয়েকটি স্থানে চালানো উপর্যুপরি হামলায় ১৩০ জন নিহত ও ৩৫০ জন আহত হয়। বছরের শুরুতেও উগ্রপন্থীর গুলি ও বোমায় রক্ত ঝরেছিল ফ্রান্সে। ৭ জানুয়ারি প্যারিসে ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো কার্যালয়ে জঙ্গি হামলায় ১১ জন নিহত হয়। বছরজুড়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের হামলায় রক্ত ঝরেছে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ কমবেশি বিশ্বের সব প্রান্তেই। এর মধ্যে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী কিছু হামলা চালিয়েছে আইএস। সরকারি বা সামরিক লক্ষ্যবস্তু ছাড়াও সাধারণ মানুষের পদচারণায় ব্যস্ত বাজার, মসজিদের মতো ধর্মীয় স্থান, নাইট ক্লাব এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও বাদ যায়নি জঙ্গি হামলা থেকে। জঙ্গি তৎপরতা দমনে বিশ্বনেতারা খেয়েছেন হিমশিম।
আইএস কেবল মানুষই হত্যা করেনি, ইতিহাস-ঐতিহ্যেরও ক্ষতি করেছে তারা। গত মে মাসে সিরিয়ার প্রাচীন পালমিরা শহর দখলে নেয় সংগঠনটি। এরপর তারা সেখানকার ঐতিহাসিক নিদর্শন একের পর এক ধ্বংস করতে থাকে। আগস্টের শুরুতে দুই হাজার বছরের পুরোনো একাধিক মন্দির ধ্বংস করে আইএস। ২৫ আগস্ট গুঁড়িয়ে দেয় শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাল শামিন মন্দির। শুধু স্থাপনা ধ্বংস করেই ক্ষান্ত হয়নি আইএস। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ৮২ বছর বয়সী প্রত্নতত্ত্ববিদ খালেদ আল-আসাদের শিরশ্ছেদও করে তারা।
বছরের শেষে এসে ২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উৎসবরত সহকর্মীদের ওপর হামলা চালান সৈয়দ রিজওয়ান ফারুক ও তাঁর স্ত্রী তাসফিন মালিক। তাঁদের গুলিতে প্রাণ হারান ১৪ জন। পরে পুলিশের গুলিতে দুই হামলাকারীও নিহত হন। ধারণা করা হচ্ছে, পাকিস্তানি বংশোদ্ভূত এ দম্পতি আইএসের সমর্থক ছিলেন। আইএসও তাদের সমর্থক বলে দাবি করেছে।
এ ছাড়া বিদায়ী বছরে জঙ্গি সন্ত্রাসের বিভীষিকা দেখেছে তিউনিসিয়া, নাইজেরিয়া, কেনিয়া ও থাইল্যান্ড। তিউনিসিয়ার পর্যটনশিল্পে ধস নামে সৈকতসংলগ্ন অবকাশ কেন্দ্রে হামলার পর। ১৭ আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হিন্দু মন্দিরের সামনে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৯ জন নিহত হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শিয়াদের মসজিদে আত্মঘাতী হামলায়ও ঝরে গেছে বেশ কিছু প্রাণ। সূত্র: বিভিন্ন বার্তা সংস্থা।