'উসকানি' থেকে বিরত থাকার জন্য সতর্ক করল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া তার প্রধান পারমাণবিক স্থাপনার কার্যক্রম আবার শুরু করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র দেশটিকে ‘দায়িত্বজ্ঞানহীন উসকানি’ দেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দিয়েছে। খবর বিবিসির।
ইয়ংবাইয়োন পারমাণবিক স্থাপনা চালু করার বিষয়টি গত মঙ্গলবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে উত্তর কোরিয়া। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হলো। ইয়ংবাইয়োনের চুল্লি দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য প্লুটোনিয়ামের প্রধান উৎস বলে মনে করা হয়। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, স্থাপনাটি নতুন করে চালু হলে সেখান থেকে প্রতিবছর একটি করে পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয় পরিমাণ প্লুটোনিয়াম উৎপাদন করা সম্ভব হবে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ‘সহায়তার বিনিময়ে নিরস্ত্রীকরণ’ চুক্তির অংশ হিসেবে ইয়ংবাইয়োনের চুল্লি ২০০৭ সালে বন্ধ করে দেয় উত্তর কোরিয়া।
হোয়াইট হাউস বলছে, উত্তর কোরিয়ার উচিত আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা পূরণ করার ওপর গুরুত্ব দেওয়া। মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, ‘উত্তর কোরিয়া যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পালনের পথে দেশটিকে ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে এবং ছয় জাতির আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা অংশীদারদের সঙ্গে কাজ করব।...আমরা আবারও বলছি, উত্তর কোরিয়ার উচিত এ ধরনের দায়িত্বজ্ঞানহীন উসকানি দেওয়া থেকে বিরত থাকা।’