'এই জমি ও ফসল তোমাদের না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যের রেকা পাড়ায় থাকতেন ২৫ বছর বয়সী ইয়াসিন আলি। গত ২৭ আগস্ট সেখানে হামলা চালান মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে ওই হামলার আগে থেকেই উত্তেজনা চলছিল স্থানীয় অধিবাসী ও রোহিঙ্গাদের মধ্যে। কয়েক মাস ধরেই অত্যাচার চলছিল রোহিঙ্গাদের ওপর। স্থানীয় অধিবাসীরা ইয়াসিনদের প্রায়ই হুমকি দিতেন এই বলে যে, ‘এই জমি তোমাদের না। এতে চাষাবাদ করবে না। খবরদার, এই জমিতে জন্মানো ফসলে হাত দেবে না।’

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সঙ্গে সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথাই জানিয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গারা। গত ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব সাক্ষাৎকার নিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটি বলছে, মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে ‘জাতিগত নির্মূল অভিযান’ চালাচ্ছে। এটি বন্ধ করার জন্য মিয়ানমারের সরকারের ওপর চাপ সৃষ্টি করতে রোহিঙ্গা সংকটে থাকা সংশ্লিষ্ট দেশের সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

এইচআরডব্লিউকে ইয়াসিন আলি জানিয়েছেন, ২৭ আগস্টের হামলার সময় তাঁর গ্রামের রোহিঙ্গা অধিবাসীরা সবাই লুকিয়েছিল। তিনি বলেন, নারী ও শিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য দূরবর্তী স্থানে পাঠিয়ে দেওয়া হয়। তবে পুরুষ সদস্যরা গ্রামের কাছাকাছি লুকিয়ে ছিলেন। ইয়াসিন বলেন, ‘আধা কিলোমিটার দূরে ছিলাম আমি। সেনারা গ্রামে ঢোকার পর মর্টার শেলের বিস্ফোরণের শব্দ শুনতে পাই আমি। এরপর বাড়িগুলো স্রেফ ভেঙে পড়েছিল।’

ওই সময় সেনাদের হাতে মেশিনগানের মতো অস্ত্র দেখেছেন ইয়াসিন। তিনি বলেন, সেনারা গ্রামে ঢোকার পর এলোপাতাড়ি গুলি করছিল। এতে ভয় পেয়ে ইয়াসিন ও তাঁর সঙ্গে থাকা লোকেরা পাহাড়ি এলাকায় লুকিয়ে পড়ে। সেখান থেকে তিনি দেখেন, হেলিকপ্টার থেকে ওই গ্রামের ওপর কিছু একটা ফেলা হলো এবং নিমেষে আগুন ধরে গেল বাড়িঘরে।
গত ৩১ আগস্ট হেঁটে হেঁটে সীমান্ত পাড়ি দেয় ইয়াসিন ও তাঁর পরিবারের সদস্যরা। এইচআরডব্লিউর সঙ্গে যখন কথা বলছিলেন, তখন মাথার ওপর ছাদ খুঁজছিলেন তিনি।

এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় রোহিঙ্গা শরণার্থীদের মর্মস্পর্শী অভিজ্ঞতা হয়েছে। নিজেদের গ্রাম ধ্বংস হয়ে যেতে দেখেছেন তাঁরা। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো বৈধ অভিযানে কখনো স্থানীয় বাসিন্দাদের উদ্বাস্তু করার ঘটনা থাকতে পারে না।’

৩২ বছর বয়সী মোমেনা থাকতেন কিরগারি পাড়া গ্রামে। আগস্ট মাসের ২৬ তারিখ ৩ সন্তান নিয়ে গ্রাম থেকে পালিয়ে আসেন তিনি। মোমেনা বলেন, গত বছরও তাঁদের গ্রামে হামলা করেছিল সেনাবাহিনী। কিন্তু এবারের অবস্থা গতবারের চেয়েও খারাপ। তিনি বলেন, ‘সেনাদের সংখ্যা কত ছিল, বলতে পারব না। সেনাদের ঢোকার কথা শুনেই আমি পাশের জঙ্গলে পালিয়ে যাই এবং সারা রাত সেখানেই ছিলাম। পরদিন সকালে সেনারা চলে যাওয়ার পর ফিরে আসি। আমি প্রায় ৪০ থেকে ৫০ জন গ্রামবাসীর লাশ দেখতে পাই। সেখানে কিছু শিশু ও বয়স্ক মানুষও ছিলেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখতে পাই বাবার লাশ। সবাইকে হয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অথবা গুলি করে হত্যা করা হয়েছিল।’

স্বামী ও ১০ বছরের সন্তানের খোঁজ এখনো জানেন না মোমেনা। তাঁর স্বামীর কোনো মুঠোফোন নেই যে যোগাযোগ করবেন। অন্যান্য গ্রামবাসীর খোঁজও পাননি তিনি। তবে মোমেনা শুনেছেন, তাঁর মা বেঁচে আছেন। কিন্তু তিনি কীভাবে বা কোথায় আছেন, সেই সম্পর্কে কোনো ধারণা নেই মোমেনার।

গত ২৯ আগস্ট এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছিল, রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকা পুড়ছে। উপগ্রহ চিত্রে এর প্রমাণ মিলেছে। এই অগ্নিকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিরপেক্ষভাবে পর্যবেক্ষণের জন্য রাখাইন রাজ্যে প্রবেশাধিকার দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানায় সংস্থাটি।

খাতিজা খাতুন থাকতেন রাখাইনের আশিখা মুশি নামের একটি গ্রামে। তিনি বিধবা। তাঁর চার ছেলেমেয়ে। গত মাসের ২৫ তারিখ হঠাৎ করেই তাঁর গ্রামে হাজির হয় রাখাইনের স্থানীয় নৃতাত্ত্বিক গোষ্ঠীর কিছু যুবক। তাঁরা রোহিঙ্গাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছিল। তাঁদের অনেককেই চিনতে পেরেছিলেন খাতিজা। কারণ ২০১৬ সালের অক্টোবর মাসে চালানো হামলাতেও একই মুখগুলো দেখেছিলেন তিনি।

খাতিজা বলেন, ‘আমরা সেখানকার পুলিশকে বিশ্বাস করতাম না। তাই হুমকির বিষয়ে কোনো অভিযোগ করিনি। স্রেফ পালিয়ে এসেছি, এটাই আমাদের কাছে একমাত্র সমাধান।’

খাতিজা জানান, হামলার শুরুতে তাঁর গ্রামের রোহিঙ্গা যুবকেরা বাঁশের লাঠি দিয়ে প্রতিরোধ করতে চেয়েছিলেন। কিন্তু গুলির মুখে মৃত্যুই ছিল একমাত্র ভবিতব্য। তিনি বলেন, ‘ওই দিন শুক্রবার ছিল। জুমার নামাজ মাত্র শেষ হয়েছে। সশস্ত্র দলটিকে দেখে রহিম নামের রোহিঙ্গা এক যুবক বাঁশের লাঠি হাতে তুলে নিয়েছিল। এটি দেখা মাত্র গুলি করতে শুরু করে তারা। একটি গুলি এসে লাগে রহিমের চোখের নিচে। তাতেই ছেলেটি মারা যায়।’ খাতিজা জানান, এ ঘটনার পর প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন তিনি।

ফালিংগা জিরি গ্রামে মিয়ানমারের সেনারা হামলা চালায় আগস্ট মাসের ২৬ তারিখ। প্রত্যক্ষদর্শী মো. ইউনুস এইচআরডব্লিউকে বলেন, ‘আমি একটি খালের পাড়ে দাঁড়িয়ে ছিলাম। দেখলাম অগণিত সেনা গুলি করতে করতে গ্রামে ঢুকছে। আর হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে বোমা।’
ইউনুস জানান, ওই ঘটনা দেখার পর পরই পার্বত্য এলাকায় পালিয়ে যান তিনি। তাঁর ধারণা, প্রায় আড়াই শ সেনা গ্রামে হামলা চালিয়েছিল। আর পালানোর সময়ও গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি করছিল পুলিশ ও সেনাসদস্যরা।

গত ২৫ আগস্ট হারাকাহ-আল-ইয়াকিন নামের একটি রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনাক্যাম্পে হামলা চালায়। হারাকাহ-আল-ইয়াকিন ইংরেজিতে নিজেদের পরিচয় দিচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (এআরএসএ) নামে। মিয়ানমারের সরকারি সূত্র বলছে, ওই হামলায় ১০ পুলিশ কর্মকর্তা, ১ জন সেনা ও ১ জন অভিবাসী কর্মকর্তা নিহত হয়েছেন। অন্যদিকে নিহত হয়েছেন ৭৭ জন বিচ্ছিন্নতাবাদী। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় ‘শুদ্ধি অভিযান’ শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী।