'একজনকে কপ্টার থেকে ফেলেছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রদ্রিগো দুতার্তে
রদ্রিগো দুতার্তে

দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের মাঝ আকাশে হেলিকপ্টার থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এই কাজ তিনি আগে করেছেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। গত মঙ্গলবার ঘূর্ণিঝড় উপদ্রুত অঞ্চল পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্দেশে একটি বক্তৃতা দিচ্ছিলেন দুতার্তে। একসময় কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করা দুতার্তে বলেন, ধর্ষণ ও হত্যা করার শাস্তি হিসেবে একবার এক চীনা নাগরিককে তিনি হেলিকপ্টার থেকে ধাক্কা দিয়ে মাঝ আকাশ থেকে ফেলে দিয়েছিলেন। ফিলিপাইনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের এই বিষয়টি মনে করিয়ে দিয়ে বলেন, ‘যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয়, তাকে হেলিকপ্টারে করে ম্যানিলার আকাশে নিয়ে যাব এবং ধাক্কা দিয়ে ফেলে দেব। আমি এটি আগেও করেছি, আবার কেন পারব না?’ দেশটির প্রেসিডেন্টের কার্যালয় দুতার্তের এ বক্তব্যের একটি ভিডিওচিত্রও প্রকাশ করেছে।
দুতার্তের এমন হুমকি নতুন কিছু নয়। মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি দাভাওয়ের মেয়র থাকাকালে দুই ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছিলেন। তবে দুতার্তের দাবি, ওই দুজনকে হত্যা করেছিলেন পুলিশের একটি বৈধ অভিযানের অংশ হিসেবে। আর গত সপ্তাহে ম্যানিলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ধরা পড়া অপর ছয় ব্যক্তির ব্যাপারে দুতার্তে বলেছিলেন, তিনি রাজধানীর বাইরে থাকায় তারা প্রাণে বেঁচে গেছে।
দুতার্তের এসব বেফাঁস মন্তব্য আলোচিত হয়েছে। কয়েকজন সিনেটর বলেছেন, তিনি এ কারণে অভিশংসনের ঝুঁকিতে পড়তে পারেন।