'কাবুলের কসাই'-এর সঙ্গে সরকারের শান্তিচুক্তি

আফগানিস্তানের কুখ্যাত যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বাধীন দ্বিতীয় বৃহত্তম জঙ্গি সংগঠন হেজব-ই-ইসলামির সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছে দেশটির সরকার। এই চুক্তির ফলে যুদ্ধাপরাধের ইতিহাস থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে পলাতক থাকা হেকমতিয়ারের জন্য রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ তৈরি হলো।
গতকাল বৃহস্পতিবার কাবুলে ওই শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রতীকী জয় পেলেন। তিনি দেশটির সবচেয়ে আধিপত্য বিস্তার করা বিরোধী সশস্ত্র সংগঠন তালেবানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য চেষ্টা চালিয়ে আসছেন।
তালেবান-পরবর্তী যুগে বিতর্কিত ব্যক্তিত্বদের পুনরেকত্রীকরণ আফগান সরকারের ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে আসছে। এর অংশ হিসেবে হেজব-ই-ইসলামির সঙ্গে শান্তি চুক্তি করা হলো।
হেকমতিয়ার ‘কাবুলের কসাই’ নামে ব্যাপকভাবে পরিচিত। ১৯৮০-এর দশকে সোভিয়েতবিরোধী কমান্ডার হিসেবে তিনি প্রসিদ্ধ ছিলেন। ১৯৯২-১৯৯৬ সালে গৃহযুদ্ধ চলাকালে কাবুলে হাজার হাজার লোককে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে নিষ্ক্রিয় ছিল হেজব-ই-ইসলামি। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কাছে তালেবান সরকার উৎখাত হওয়ার পর সংগঠনটি পুনরায় সক্রিয় হয়ে ওঠে।
হেজব-ই-ইসলামি সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তিকে শান্তির লক্ষ্যে এক অগ্রগতি হিসেবে বিবেচনা করে এর প্রশংসা করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা। তবে সমালোচকেরা বলছেন, এই চুক্তির ফলে সবচেয়ে কুখ্যাতদের মধ্যে অন্যতম এক ব্যক্তি দেশটির বিবদমান রাজনীতিতে ভূমিকা রাখার সুযোগ পেতে যাচ্ছেন।