'কোবরা সাপকে বিয়ে করিনি'
মালয়েশিয়ায় ফায়ার সার্ভিসের একজন কর্মী তাঁর পোষা কোবরা সাপকে বিয়ে করেছেন বলে সম্প্রতি যুক্তরাজ্যের একটি ট্যাবলয়েডে খবর প্রকাশিত হয়। আবু জারিন হোসেইন নামের ওই দমকল কর্মী জানিয়েছেন, খবরটি ভুয়া। ওই খবরে তিনি ব্যথিত।
কীভাবে সাপ ধরতে ও নিয়ন্ত্রণ করতে হয়, সে ব্যাপারে আবু জারিন তাঁর সহকর্মীদের পাহাং রাজ্যে প্রশিক্ষণ দিয়ে আসছেন। চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের ট্যাবলয়েড ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, জারিন একটি সাপকে বিয়ে করেছেন। ‘সাপের দেহে পুনর্জন্ম নেওয়া প্রেমিকা’ মনে করে তিনি সেটিকে বিয়ে করেন। ওই প্রতিবেদনে তাঁর ফেসবুক থেকে নেওয়া ছবি ব্যবহার করা হয়।
আবু জারিন বিবিসিকে বলেন, এই খবরে তিনি ‘অত্যন্ত হতাশ’। তিনি বলেন, ‘আমি সব সময় সাপ নিয়ে কাজ করি এবং ফায়ার সার্ভিসের অন্য কর্মীদের সাপ ধরা ও নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দিই। আমি বিবাহিত, ওই প্রতিবেদন প্রকাশের পর আমার স্ত্রী আমার সঙ্গেই আছেন। কারণ, তিনি জানেন খবরটি ভুয়া।’
ডেইলি মিররে খবরটি প্রকাশিত হয় ১০ নভেম্বর। এর এক দিন পর ডেইলি মেইলও খবরটি প্রকাশ করে।
মিররের অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ‘আবু জারিন তাঁর প্রয়াত প্রেমিকার প্রতিচ্ছবি দেখতে পেয়ে একটি সাপ ধরেছিলেন। অন্য প্রাণীর দেহে মানুষের পুনর্জন্ম হতে হতে পারে—এই ধারণায় অনুপ্রাণিত হয়ে তিনি মৃত প্রেমিকা মনে করে এখন ওই ১০ ফুট দৈর্ঘ্যের কোবরার সঙ্গে জীবন কাটাচ্ছেন।’
৩১ বছর বয়সী আবু জারিন একজন মুসলিম। তিনি মালয়েশিয়ার স্টার নিউজ পেপারকে বলেন, ‘প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলো আমার। তারা আমার ছবিগুলো ব্যবহার করেছে এবং গল্প তৈরি করেছে যে আমি একটি সাপকে বিয়ে করেছি।’
আবু জারিন বলেন, তাঁর কাছে বর্তমানে চারটি সাপ রয়েছে। আচরণ বোঝার জন্য সাপগুলোকে তিনি তাঁর কাছে রেখেছেন।