'ক্ষেপণাস্ত্র ছুড়ে হুমকির জবাব দেবে ইরান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের নিরাপত্তায় কেউ হুমকি হয়ে দাঁড়ালে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেওয়া হবে। দেশটির প্রভাবশালী রেভল্যুশনারি গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ্ এই হুঁশিয়ারি দিয়েছেন বলে তেহরানের সংবাদমাধ্যম গত শনিবার খবর দিয়েছে।
ব্রিগেডিয়ার হাজিজদেহ্ বলেন, শত্রুপক্ষের ক্ষুদ্রতম ভুল পদক্ষেপ দেখলেই তাদের ওপর ক্ষেপণাস্ত্র আঘাত হানবে ইরান।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপের পরদিনই ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র ও রাডার ব্যবস্থার সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে।
তেহরান-ওয়াশিংটন উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস গতকাল বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বৃদ্ধির কথা আপাতত ট্রাম্প প্রশাসনের বিবেচনার বাইরে রয়েছে। তবে বিশ্ববাসী ইরানের কর্মকাণ্ডকে ছোট করে দেখবে না। ম্যাটিস ইরানকে বিশ্বে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক একমাত্র বৃহত্তম দেশ’ আখ্যা দিয়েছেন।
নতুন নিষেধাজ্ঞার ফলে লেবানন ও চীনের সঙ্গে ইরানের অস্ত্র সংগ্রহ কার্যক্রম ব্যাহত হবে বলে যুক্তরাষ্ট্র মনে করছে।
ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত হানতে সক্ষম। এটা ইসরায়েল বা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোয় আক্রমণে যথেষ্ট।