ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, ‘কয়েক দিনের মধ্যেই’ রামাদি শহর থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে দেওয়া সম্ভব হবে। রামাদি হাতছাড়া হওয়ার সময় ইরাকি সেনাদের মধ্যে আইএসের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা দেখা যায়নি বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যও উড়িয়ে দিয়েছেন তিনি। খবর বিবিসি, রয়টার্স ও এএফপির।
ইরাকি বাহিনী গত বছর দেশের বিভিন্ন এলাকায় আইএসের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। এরপর গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের রাজধানী রামাদি দখল করে নেয় এ জঙ্গিরা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার গত রোববার সিএনএনকে বলেন, রামাদি থেকে ইরাকি বাহিনীর পিছুহটা দেখে মনে হয়েছে, তারা লড়াই করার মানসিকতা হারিয়ে ফেলেছে। ১৭ মার্চ জঙ্গিদের হাতে রামাদির পতন ঠেকানো যেতে বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাপ্রধান।
তবে কার্টারের বক্তব্য মানতে নারাজ ইরাকি প্রধানমন্ত্রী এবাদি। তিনি গতকাল সোমবার বিবিসিকে বলেন, ‘তিনি (কার্টার) কেন এটা বললেন, তা ভেবে আমি বিস্মিত। আমি নিশ্চিত, তাঁকে ভুল তথ্য গেলানো হয়েছে।’
এবাদি বলেন, তাঁর ধারণা, আইএসের কৌশলে বিভ্রান্ত হয়েছে ইরাকি বাহিনী। তিনি বলেন, ‘তাদের লড়াই করার মানসিকতা অবশ্যই আছে। কিন্তু হঠাৎ করেই যখন তারা বিস্ফোরকভর্তি সাঁজোয়া যানের আক্রমণের মুখোমুখি হচ্ছে, এর প্রভাবটা তাদের কাছে একটা ছোটখাটো পারমাণবিক বোমার মতোই।’
ইরাকি প্রধানমন্ত্রী বলেন, রামাদি পুনরুদ্ধারের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। এ জন্য কত সময় লাগতে পারে—বিবিসির এ প্রশ্নের জবাবে এবাদি বলেন, কয়েক দিন।
পালমিরায় বিমান হামলা: মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার যুদ্ধবিমানগুলো গতকাল পালমিরা শহরে আইএসের অবস্থানগুলোতে অন্তত ১৫ দফা হামলা চালিয়েছে। গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর শহরটি গত সপ্তাহে দখল করে নেয় জঙ্গিরা।
‘একমাত্র ইরানই লড়ছে’: যুক্তরাষ্ট্র আইএসকে মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। একমাত্র ইরানই এখন এ কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ইরানের আধাসামরিক বাহিনী কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি গতকাল এ মন্তব্য করেছেন।