'গাজার শিশুদের স্বাধীনভাবে বাঁচতে দাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজা সিটির আল সাফিয়া হাসপাতালের বিছানায় ১০ বছরের মোহাম্মদ আলালিয়া। ইসরায়েলি হামলায় তার হাত ভেঙে গেছে। ঝলসে গেছে শরীরের বিভিন্ন জায়গা।  ছবি: এনডিটিভি
গাজা সিটির আল সাফিয়া হাসপাতালের বিছানায় ১০ বছরের মোহাম্মদ আলালিয়া। ইসরায়েলি হামলায় তার হাত ভেঙে গেছে। ঝলসে গেছে শরীরের বিভিন্ন জায়গা। ছবি: এনডিটিভি

‘গাজার শিশুরা একটি স্বাধীন ভূমিতে বাস করতে পারছে না বলে আমার বেদনা হয়। আমার আশা, গাজার শিশুরা একটি স্বাধীন ভূমিতে বাস করবে। তাই বিশ্বের কাছে অনুরোধ, গাজার শিশুদের স্বাধীনভাবে বাস করতে দাও। তাদের কি এই অধিকার নেই? কেন তারা বিশ্বের অন্য শিশুদের মতো বাঁচতে পারবে না? আমি বিশ্বনেতাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, গাজার শিশুদের স্বাধীনভাবে বাঁচার অধিকার দাও।’
কথাগুলো বলছিল গাজা সিটির আল সাফিয়া হাসপাতালের বিছানায় শোয়া ১০ বছরের মোহাম্মদ আলালিয়া। ইসরায়েলি হামলায় তার হাত ভেঙে গেছে। ঝলসে গেছে শরীরের বিভিন্ন জায়গা।
আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, আল সাফিয়া হাসপাতালে শুধু আলালিয়া নয়, ইসরায়েলি হামলার শিকার হয়ে সমবয়সী এবং তার চেয়ে কম বয়সী অনেক শিশু রয়েছে। এসব শিশুতে ভরে গেছে গাজার সবচেয়ে বড় হাসপাতালটির শিশু ওয়ার্ড।
বরাবরই গাজা ও ইসরায়েলের সংঘর্ষে বড় শিকার হয় গাজার শিশুরা। এবারের সংখ্যা অতীতের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চলমান এ সংঘর্ষে এখন পর্যন্ত এক হাজার চার শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে শিশুই ৫০০ জন।
ছয় বছরের নূরকে উত্তর গাজার বেইত হানাউন এলাকা থেকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। তাদের বাড়ির কাছেই ছিল জাতিসংঘের একটি স্কুল। যেদিন সকালে সাংবাদিকদের সঙ্গে তার দেখা হয়েছিল, সেদিনই তাদের বাড়ির কাছে ইসরায়েলের ছোড়া একটি শেল বিস্ফোরিত হয়। এতে বিস্ফোরক দ্রব্যের সুচালো টুকরো গিয়ে তার ফুসফুসে বিঁধে।

নূর হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক মিনিটের মধ্যে তার পাশের বিছানায় সঙ্গী হয় খালেদা ও ইয়ামিন জাবির। তাদের আনা হয়েছে উত্তর-পূর্ব গাজার জাবালিয়া এলাকায়। তাদের দুজনের বয়সই চার বছর করে। তাদের মধ্যে একজনের অবস্থা নূরের মতো। আরেক জনের শরীর ঝলসে গেছে।

জাবালিয়া থেকে আনা ছয় বছরের আরেক শিশু মারজোব মুসা আর ভানের ফুসফুসে বিঁধেছে বিস্ফোরিত বোমার টুকরো। কিন্তু বিঁধে যাওয়া এসব বস্তু বের করার যন্ত্রপাতি নেই আল সাফিয়া হাসপাতালে। মারজোবের পরিবার তাঁকে গাজার বাইরে নিয়ে যাওয়ার অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি।

সাংবাদিকেরা জানান, দুঃসহ এই অবস্থার মধ্যেও যারা শিশু ওয়ার্ডে চিকিত্সা পাচ্ছে, তাদের ভাগ্যবান বলতে হয়। সাংবাদিকদের এ প্রতিনিধিদলটি শিশু ওয়ার্ডে প্রবেশের আগে বাইরে ক্রমাগত অ্যাম্বুলেন্স আসতে দেখেন। এর মধ্যে অনেকে ছিল গুরুতর আহত।