'গাড়ির সমান একেকটা পাথর গড়িয়ে পড়ছিল'

‘পাথরগুলো চারপাশ থেকে এমনভাবে নিচে গড়িয়ে পড়ছিল যে মনে হয়েছিল কোথাও যাওয়ার জায়গা নেই। ডেলিভারি ভ্যানের সমান একেকটা পাথর। বাঁচার জন্য আমরা দিগ্বিদিক দৌড়াতে থাকি।’
২৫ এপ্রিলের ভূমিকম্পের সময় দুর্গম জনপ্রিয় পর্যটন এলাকা লাংটাংয়ের উপত্যকায় এ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন মার্কিন অভিযাত্রী কোরি অ্যাসোলানি।
অ্যাসোলানি বলেছেন, তাঁর চোখের সামনে একটি ছোট ভবনের ওপর বিশাল একটি পাথরখণ্ড পড়লে ভবনটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ভয়াবহ সেই ভূমিকম্প আঘাত হানার পর অ্যাসোলানি সেখানে পাঁচ দিন আটকা ছিলেন। ভূমিকম্পের ফলে সৃষ্ট তুষারধসে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে লাংটাংয়ের একটি গ্রাম।
বিশ্বের সর্বোচ্চ পাহাড়চূড়া এভারেস্টে বসন্তকালীন অভিযান যখন তুঙ্গে, ঠিক তখন ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার অন্যতম তিব্বতের সীমান্তবর্তী লাংটাং। সেখানে কয়েক শ বিদেশি পর্যটক ও নেপালি আটকা পড়েন। কেবল হেঁটে এবং হেলিকপ্টারে করেই ওই দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব।
স্থানীয় কর্তৃপক্ষ সাতজন বিদেশিসহ ৫২ জনের মৃতদেহের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে। তাদের ধারণা, লাংটাংয়ের গ্রামে দেড় শতাধিক নেপালি ও শতাধিক পর্যটক চাপা পড়ে মারা গেছে।
২৫ এপ্রিল কফি খেতে লাংটাংয়ের বামবু গ্রামের একটি দোকানের বাইরে থামেন অ্যাসোলানি। তখনই ভূমিকম্প শুরু হয়। ‘পাথর বৃষ্টি’ থেকে বেঁচে যাওয়ার পর দুটি গাছের মধ্যে ত্রিপল বেঁধে রাত কাটান অ্যাসোলানি। সে কথা মনে করে তিনি বলেন, ‘ঘুমানো খুব কঠিন ছিল। মাটিতে প্রতিটি কম্পন অনুভব করতে পারছিলাম।... আমার স্নায়ু যেন বিকল হয়ে গিয়েছিল। প্রথম রাতে সম্ভবত আমি এক ঘণ্টা ঘুমাতে পেরেছি।’
নদী থেকে কর্দমাক্ত পানি সংগ্রহ করে কাপড়ে ছেঁকে তা পান করতেন অ্যাসোলানি ও তাঁর সঙ্গে থাকা একদল মানুষ। সূত্র: এএফপি।