'গুপ্তচর হত্যা করে' সিআইএর কার্যক্রমে বাগড়া দিয়েছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সরকার ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রায় ২০ জন কর্মীকে হত্যা অথবা আটক করেছে। নিউইয়র্ক টাইমস পত্রিকা বলছে, চীনের এমন তৎপরতার কারণে দেশটিতে গত কয়েক বছর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সংগ্রহ কার্যক্রমে বিঘ্ন ঘটেছে।

সিআইএর কাছ থেকে তথ্য চুরি নাকি তাদের কোনো দুর্বলতার সুযোগ নিয়ে চীনারা এমন কাজ করেছে, তা স্পষ্ট নয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন, সিআইএর একজন সংবাদদাতাকে চীনের একটি সরকারি ভবনে গুলি করা হয়েছিল। সম্ভবত অন্যদের সতর্ক করে দিতেই এ কাজ করা হয়।

সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সংস্থাটির চার কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, চীনা সরকারের আমলাতন্ত্রের গভীর থেকে তথ্য সংগ্রহ ২০১০ সাল থেকে কমতে শুরু করে। পরের বছরের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রের সংবাদদাতারা উধাও হতে শুরু করেন। সিআইএ এবং এফবিআই এ বিষয়ে তদন্ত শুরু করে। তারা সিআইএর একজন সাবেক কর্মীকে কেন্দ্র করে তদন্ত শুরু করলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে তাঁকে গ্রেপ্তার করেনি। তিনি এখন এশিয়ার আরেকটি দেশে বাস করেন।

২০১২ সালে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ উঠেছিল। এরপর এ রকম আর কাউকে এমন প্রকাশ্যে গ্রেপ্তার বা গ্রেপ্তারের চেষ্টা করা হয়নি।

নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিক ম্যাট আ্যাপুজো বিবিসিকে বলেন, ‘সমস্যা হলো, আমরা এখনো জানি না ঠিক কী হয়েছিল। এটা আর্থিক লেনদেনের সমস্যা নাকি সিআইএর ভেতরের ফাঁকফোকর, না চীনের হ্যাকিং—তা নিয়ে মার্কিন সরকারের মধ্যেই মতভেদ আছে।

চীনে গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় ধীরগতির কারণ জানতে চেয়েছিল ওবামা প্রশাসন। ২০১৫ সালে সিআইএ বেইজিংয়ে মার্কিন দূতাবাস থেকে কয়েকজন কর্মীকে সরিয়েও নেয়।

২০১৩ সাল নাগাদ চীনা সরকার মার্কিন গুপ্তচরদের চিহ্নিত করার সামর্থ্য হারিয়ে ফেলতে শুরু করে। সেই থেকে সিআইএ আবার চীনে নিজেদের যোগাযোগ পুনর্গঠন করতে শুরু করে।

ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুই তিয়ানকাই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।