'চীনা কমিউনিস্ট পার্টির বৃহত্তম উদ্বেগ দুর্নীতি'
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সবচেয়ে বেশি উদ্বিগ্ন দুর্নীতির কারণে বড় সংকট সৃষ্টি হওয়া নিয়ে। কারণ এর জেরে রাষ্ট্র ক্ষমতার ওপর দলের নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়তে পারে। তবে এ সমস্যা থেকে উত্তরণে জনগণকে পাশে পাওয়ার ব্যাপারে দল আশাবাদী। কমিউনিস্ট পার্টির এক জ্যেষ্ঠ নেতা গতকাল মঙ্গলবার এ কথা বলেন। খবর রয়টার্সের।
স্থানীয় এবং পশ্চিমা শিক্ষাবিদ ও কূটনীতিকদের সঙ্গে এক আলোচনা সভায় অংশ নিয়ে কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক-বিষয়ক প্রধান ওয়াং জিয়ারু এ মন্তব্য করেন। তিনি বলেন, সেই ১৯৪৯ সাল থেকে ক্ষমতাসীন থাকার কারণে দলে দুর্নীতির বিস্তার হয়েছে। এ রকম পরিস্থিতিতে কিছু দুর্নীতিবাজকে চিহ্নিত করে বের করে দেওয়া হবে। তবে তাদের সংখ্যা অনেক বেশি হলে সেটা হবে দলের জন্য সংকটের কারণ। তবে চীন এখনো সে অবস্থায় পৌঁছেনি। কিন্তু ঠিক এ দুর্নীতির বিষয়টিই কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় উদ্বেগ।
গণতান্ত্রিক ব্যবস্থার মতো চীনে কমিউনিস্টদের ব্যর্থতার ক্ষেত্রে ক্ষমতা গ্রহণ করার মতো বিরোধী দল নেই বলে উল্লেখ করেন ওয়াং জিয়ারু। তবে তিনি বলেন, আগাছা নির্মূলের ব্যাপারে তাঁর দল আশাবাদী।
দুর্নীতির সমস্যা চীনে নতুন কিছু নয়। ২০১২ সালে দলীয়প্রধানের পদ পাওয়া এবং ২০১৩ সালে প্রেসিডেন্ট হওয়ার পর দুর্নীতি নির্মূলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। এর আওতায় নেওয়া হয় নানা পদক্ষেপ।
চীনের কমিউনিস্ট পার্টি এ বিষয়ে খুব সচেতন যে, জাতীয়তাবাদীরা যে ১৯৪৯ সালে গৃহযুদ্ধে হেরে গিয়েছিল ব্যাপক দুর্নীতি তার অন্যতম কারণ। ওই কারণে তাদের জনপ্রিয়তা কমে গিয়েছিল। তবে কমিউনিস্ট পার্টি কখনোই দুর্নীতি মোকাবিলায় একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা গঠনে রাজি হয়নি। তাদের দাবি, দলের মধ্যকার দুর্নীতিবিরোধী কেন্দ্রীয় কমিশনই তা নিশ্চিত করতে সক্ষম।