পরমাণু বিষয়ে চুক্তি নিশ্চিত নয়: খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানি উভয়েই বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তি হওয়ার দিনই তেহরানের ওপর থেকে সব অবরোধ তুলে নিতে হবে। খামেনি এ-ও বলেছেন, সুইজারল্যান্ডে স্বীকৃত প্রাথমিক রূপরেখাটি ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে তার নিশ্চয়তা দেয় না। দুই নেতা গতকাল বৃহস্পতিবার আলাদাভাবে ভাষণ দেন, যা জাতীয় টেলিভিশনে প্রচারিত হয়।
প্রেসিডেন্ট রুহানি এর আগে ছয় বিশ্বশক্তির সঙ্গে সম্প্রতি হওয়া সমঝোতা নিয়ে কথা বললেও গতকালই প্রথম নীরবতা ভাঙলেন খামেনি। ইরানের যেকোনো বিষয়ে এই শীর্ষ ধর্মীয় নেতার বক্তব্যই চূড়ান্ত। খবর এএফপি ও রয়টার্সের।
টেলিভিশনে প্রচারিত ভাষণে আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, আর তিনি এটি গ্রহণ বা অস্বীকার কোনোটাই করছেন না। চুক্তির খুঁটিনাটি বিষয়গুলোই আসল—এ মন্তব্য করে তিনি বলেন, এর মধ্যে ইরানকে আটকে ফেলার চেষ্টা করা হতে পারে।
প্রেসিডেন্ট হাসান রুহানি তাঁর ভাষণে বলেন, চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের দিনই তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। আর সেই নিশ্চয়তা পেলেই কেবল ইরান চুক্তিতে সই করবে।
ইরান ও ছয় বিশ্বশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি) গত সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়। এতে করে তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের আপাতত অবসান ঘটে। সমঝোতা অনুযায়ী, ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার বিনিময়ে অবরোধের বোঝা থেকে মুক্তি পাবে। উভয় পক্ষ এখন আগামী ৩০ জুন সময়সীমা সামনে রেখে একটি চূড়ান্ত চুক্তির জন্য কাজ করছে।
টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে রুহানি বলেন, ‘চুক্তির দিনেই সব ধরনের অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত আমরা এতে সই করব না।...আমরা এমন একটি চুক্তি চাই, যেটি হবে এই পারমাণবিক বিষয়ে সংলাপের সঙ্গে যুক্ত সব পক্ষের জন্যই জয়।’
২ এপ্রিল অন্তর্বর্তী সমঝোতা হওয়ার পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্র এর কিছু বিষয় নিয়ে দৃশ্যত ভিন্ন ব্যাখ্যা দিয়ে আসছে। বিশেষ করে কত দ্রুততার সঙ্গে এবং কী মাত্রায় অবরোধগুলো প্রত্যাহার করা হবে, তা নিয়ে দুই রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে দুই পক্ষের বক্তব্যে।
ইরান ইঙ্গিত দিয়ে আসছে, একটি চূড়ান্ত চুক্তি সই হওয়ার পরপরই জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পারমাণবিক-সংশ্লিষ্ট সব অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্র গত সোমবারও বলেছে, অবরোধ ধীরে ধীরে প্রত্যাহার করা হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইইউর অবরোধগুলোর কারণে ইরান প্রতিদিন প্রায় ১৫ কোটি ব্যারেল তেল রপ্তানি করতে পারছে না। এতে করে তেহরানের প্রতিদিনের তেল রপ্তানি প্রায় ৬০ শতাংশ কমে গেছে। অবরোধ প্রত্যাহার করে নেওয়া হলে আবার স্বাভাবিক হবে তেল রপ্তানি। ঘুরে দাঁড়াতে পারবে সংকটে পড়া অর্থনীতি।