'ছদ্মবেশী' তালেবান হামলায় হেলমান্দে ১৩ পুলিশ নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে পুলিশ বাহিনীর একজন সদস্য অন্তত ১৩ জন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। সরকারি কর্মকর্তারা গতকাল মঙ্গলবার বলেন, প্রাদেশিক রাজধানী লস্করগায় গত সোমবার রাতে ওই হত্যাকাণ্ডের সময় আক্রান্ত পুলিশ সদস্যরা ঘুমাচ্ছিলেন। এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে তালেবান।
আফগানিস্তানে এ রকম ‘অভ্যন্তরীণ হামলা’ আগেও বেশ কয়েকবার হয়েছে। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলাকারী পুলিশ সদস্য জঙ্গি সংগঠন তালেবানের সঙ্গে জড়িত। তিনি ওই হত্যাকাণ্ডের পর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়েছেন। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
আফিম চাষের জন্য পরিচিত হেলমান্দ প্রদেশের বিস্তীর্ণ এলাকা এখনো নিয়ন্ত্রণ করে তালেবান বিদ্রোহীরা। পশ্চিমা সেনা ও তাদের সমর্থিত সরকারের বিরুদ্ধে গত ১৫ বছরের লড়াইয়ে নিজেদের লোকের হামলার ঘটনাগুলো পুলিশ ও সেনাদের জন্য বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।
হেলমান্দের যে কয়টি স্থানে আফগান সরকারের নিয়ন্ত্রণ রয়েছে, লস্করগা সেগুলোর মধ্যে একটি। দুই লাখ বাসিন্দার শহরটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। তালেবান জঙ্গিরা দফায় দফায় হামলা চালিয়ে এটি দখল করে নিতে চাইছে। হেলমান্দে গত আগস্টে লড়াই তীব্র হতে শুরু করলে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছে।