'জিহাদি জন' ছিলেন নিঃসঙ্গ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ এমওয়াজি
মোহাম্মদ এমওয়াজি

‘জিহাদি জন’ নামে পরিচিতি পাওয়া ইসলামিক স্টেটের (আইএস) সদস্য মোহাম্মদ এমওয়াজি ছিলেন একজন নিঃসঙ্গ মানুষ। সযত্নে নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখতেন। আইএস থেকে বেরিয়ে আসা এক ব্যক্তি বলেছেন এ কথা। সিরিয়ায় এমওয়াজির সঙ্গে দেখা হয়েছিল ওই ব্যক্তির। খবর বিবিসির।
জিম্মি করা পশ্চিমা নাগরিকসহ কয়েকজনকে গলা কেটে হত্যা করা মোহাম্মদ এমওয়াজির পরিচয় সম্প্রতি ফাঁস হয়। কুয়েতে জন্মগ্রহণ করা এমওয়াজি পরিবারের সঙ্গে শৈশবে যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে তিনি ব্রিটিশ নাগরিকত্ব পান।
কম্পিউটার সায়েন্সে স্নাতক এমওয়াজির সঙ্গে সিরিয়ায় প্রায় দুই বছর আগে দেখা হয় আবু আয়মানের। তাঁর সঙ্গে কথা বলেছেন বিবিসির এক প্রতিবেদক। ২০ বছর বয়সী রোগাটে চেহারার আয়মানের চোখে-মুখে হাসি লেগেই থাকে। বিবিসিকে তিনি বিশ্বের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ এমওয়াজির সঙ্গে সাক্ষাতের নানা কাহিনি বলেছেন।
আবু আয়মান বলেন, তাঁদের যখন দেখা হয়, তখন তাঁরা উভয়েই আইএসের পক্ষে যুদ্ধ করা সাধারণ যোদ্ধা ছিলেন। তাঁরা তখন লড়াই করছিলেন সিরিয়ায়। দেশটির উত্তরাঞ্চলের আতমে শহরে সমবেত হয়েছিলেন বিভিন্ন দেশের যোদ্ধারা। সেখানেই প্রথম সাক্ষাত এমওয়াজির সঙ্গে। প্রথম সাক্ষাতেই তাঁকে কেমন যেন বেখাপ্পা লেগেছিল। তিনি বলেন, ‘এমওয়াজি খুব শীতল ধরনের ছিলেন। তিনি আমাদের সঙ্গে নামাজ পড়তেন না। কেবল তাঁর বন্ধুদের সঙ্গে নামাজ পড়তেন।... তিনি ছিলেন অদ্ভুত রকমের।’
আয়মান বলেন, ‘অন্য ব্রিটিশ যোদ্ধা ভাইয়েরা পথে আমাদের দেখলে “হাই” বলতেন। কিন্তু দেখা হলে এমওয়াজি মুখ ঘুরিয়ে নিতেন। অন্যরা সব সময়ই দল বেঁধে চলত। কিন্তু এমওয়াজি তাঁদের সঙ্গে যেতেন না।’
এ রকম নিভৃতচারী একজন মানুষ তাহলে কী করে আইএস জঙ্গিদের নির্মমতার প্রতীক হয়ে উঠলেন? আয়মান বলেন, আইএসের আছে পেশাদার মনোবিদ। তাঁরা জানেন এ ধরনের চরিত্র সৃষ্টির জন্য যোদ্ধাদের মধ্যে কাকে বেছে নিতে হবে। কীভাবে কাউকে আলোচিত করে তুলতে হবে।
আয়মান বলেন, নারী ও শিশুদের হত্যা করতে বলার পর তিনি আইএস ত্যাগ করেন।