'ঝগড়া কোরো না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অং সান সু চি
অং সান সু চি

অবশেষে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি সেনাবাহিনীর ‘পোড়ামাটি নীতি’র তাণ্ডবে পর্যুদস্ত রাখাইন রাজ্যের উত্তরাংশে গেলেন। রাখাইনে সহিংসতা শুরুর ৬৮ দিন পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি সেখানে গেলেন। এ সময় তিনি লোকজনকে ‘ঝগড়া না করে’ শান্তিতে থাকতে বলেছেন। মিয়ানমারের নেত্রী এমন এক সময়ে এই আহ্বান জানালেন, যখন দেশটির সেনাবাহিনীর নিপীড়নে ৬ লাখের বেশি রোহিঙ্গা রাখাইন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত এমআরটিভিতে দেখা গেছে, সেনাবাহিনী, পুলিশ ও সরকারি কর্মকর্তা মিলিয়ে প্রায় ২০ জন গতকাল রাখাইনে সু চির সঙ্গে ছিলেন। মংডুর মেঠোপথ ধরে হাঁটার সময় হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল সু চিকে। তাঁর চলার পথের দুই ধারে বিস্তৃত ফসলি খেত। ফাঁকে ফাঁকে গ্রামের যেসব বাড়িঘর দেখা যাচ্ছিল, তা পুরোপুরি বিধ্বস্ত। কোনোটা ভস্ম হয়ে মাটিতে মিশে গেছে। যত দূর চোখ পড়ে রাস্তাঘাট, ফসলি খেত বা বাড়িঘরে দু-একজন ছাড়া জনমানুষের কোনো চিহ্ন নেই।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনির্ধারিত সফরে সু চি রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে একটি সামরিক হেলিকপ্টারে মংডুতে যান। সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই জেলা। সেখানে মুসলমানধর্মীয় নেতাদের একটি দলের সঙ্গে তিনি কথা বলেন।

আলোচনায় উপস্থিত ছিলেন এমন একজন নেতাকে উদ্ধৃত করে পর্যবেক্ষক গোষ্ঠী আরাকান প্রজেক্টের ক্রিস লিউয়া রয়টার্সকে বলেন, ‘তিনি (সু চি) জনগণকে শুধু তিনটি বিষয়ের কথা বলেছেন। তা হলো তাদের শান্তিতে বসবাস করা উচিত, তাদের সহায়তা করবে সরকার এবং তাদের একে অপরের সঙ্গে ঝগড়া-বিবাদ করা উচিত নয়।’

রাখাইনে সু চির এই সফরের আগের দিন গত বুধবারও রয়টার্সের আলোকচিত্রীরা দেখেছেন, রাজ্যটি থেকে হাজার হাজার নারী-পুরুষ বাংলাদেশে আসতে নাফ নদীর ধারে অগভীর ও সরু কাদামাটির পথ ধরে বিরামহীন হেঁটে চলেছে। প্রাণ বাঁচাতে দুই মাস আগে শুরু হওয়া বাংলাদেশ অভিমুখে পলায়নপর রোহিঙ্গাদের স্রোত এখনো যে থামেনি, সেটাই তুলে ধরেছেন আলোকচিত্রীরা।

মিয়ানমারে ২০১৫ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের পর এই প্রথম সু চি রাখাইনের উত্তরাংশে গেলেন। নির্বাচনের আগে ভোট চাইতে তিনি কেবল রাখাইনের দক্ষিণাংশে গিয়েছিলেন।

গত ২৫ আগস্ট রাখাইনে ৩০টি পুলিশ ফাঁড়িতে হামলার জের ধরে দেশটির সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধরা সেখানকার রোহিঙ্গা মুসলমানদের ওপর নিষ্ঠুর নির্যাতন-নিপীড়ন, জ্বালাও-পোড়াও শুরু করে। এরপর প্রাণ বাঁচাতে ৬ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। রোহিঙ্গাদের বাঁচাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় শান্তিতে নোবেলজয়ী সু চির বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা অব্যাহত আছে। জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতনকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলে আখ্যায়িত করেছে। এমন প্রেক্ষাপটে গতকাল সু চি রাজ্যটিতে গেলেন।

সু চির রাখাইন সফর নিয়ে জানতে চাইলে বাংলাদেশের কূটনীতিকেরা এটিকে ইতিবাচকভাবে বিবেচনার কথা বলছেন। ২০১২ ও ২০১৬ সালে রাখাইনে সহিংসতা হলেও তিনি সেখানে যাননি। এবার গেলেন। এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি আরও আগে রাখাইনে গেলে সমস্যা সমাধানের প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়ক হতো। তবে এটাও ঠিক যে তিনি সেখানে গিয়ে যা বলেছেন, সেটার গুরুত্ব আছে এমনটাই মনে করতে চান বাংলাদেশের কূটনীতিকেরা।

আলোচনা হওয়াটা ইতিবাচক

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ গত মাসের শুরুতে যে প্রস্তাব দিয়েছিল, তিন সপ্তাহের মধ্যে তা নিয়ে মতামত দিয়েছে মিয়ানমার। বাংলাদেশের দেওয়া প্রস্তাবের তিন ভাগের দুই ভাগ মেনে নিলেও গুরুত্বপূর্ণ চারটি বিষয়ে ভিন্নমত রয়ে গেছে। যেমন ২০১৬ সালের অক্টোবরের পর যেসব রোহিঙ্গা এসেছে, শুধু তাদেরই ফিরিয়ে নেওয়ার কথা বলছে মিয়ানমার। বাংলাদেশ বলছে, ২০১৬ সালের পর থেকে যারা এসেছে তাদের পাশাপাশি আগে থেকে আশ্রয় নেওয়া প্রায় সাড়ে ৩ লাখ রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে হবে। যেসব রোহিঙ্গাকে মিয়ানমার ফিরিয়ে নেবে, তাদের পরিচয় দেশটি একা যাচাই করতে চায়। আর বাংলাদেশ এই কাজটি একসঙ্গে করতে আগ্রহী। রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়ায় বাংলাদেশ জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) আর আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) যুক্ত করার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে রাজি নয় মিয়ানমার। বাংলাদেশ চায় রোহিঙ্গারা তাদের বাড়িতে ফিরে যাবে। আর মিয়ানমার বলছে, রোহিঙ্গারা তাদের বাড়ির কাছাকাছি জায়গায় ফিরবে।

এ বিষয়ে বাংলাদেশের একজন কূটনীতিক প্রথম আলোকে বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আলোচনা চলতে থাকাকে ইতিবাচক মনে করি। কারণ তারা এবার প্রস্তাব নিয়ে অন্তত বসে থাকেনি। বাংলাদেশের সবশেষ প্রস্তাবের তিন সপ্তাহের মধ্যে তারা তাদের মতামত দেবে, এমনটা আশা করিনি। সেদিক থেকে দেখলে, এটি নিয়ে হতাশ হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ সমস্যা সমাধানের লক্ষ্য সামনে নিয়ে এগোতে চায়। তবে আলোচনার মাঝপথে মিয়ানমারের কোনো কোনো কর্মকর্তা যেভাবে বাংলাদেশকে দোষারোপ করার অপচেষ্টা করছেন, এমন কোনো নেতিবাচক পথে বাংলাদেশ যাবে না।’

ভিয়েতনামের আশ্বাস

ভিয়েতনাম রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছে। হ্যানয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ গত মঙ্গলবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েয়েন জুয়ান ফুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের শীর্ষ নেতাদের সঙ্গে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে কথা বলার আগ্রহ দেখিয়েছেন।

মিয়ানমার যাচ্ছেন টিলারসন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী সপ্তাহে মিয়ানমার সফরে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল এ কথা জানিয়েছে।