'তালেবানের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের অবসান হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের তালেবান বলছে, নেতৃত্ব নিয়ে তাদের অন্তর্দ্বন্দ্বের অবসান হয়েছে। বলা হচ্ছে, শেষপর্যন্ত জঙ্গি গোষ্ঠীটির প্রয়াত নেতা মোল্লা ওমরের বড় ছেলেসহ ঘনিষ্ঠজনেরা তাঁর উত্তরসূরি হিসেবে মোল্লা মনসুরকে সমর্থন দিয়েছেন। গত মঙ্গলবার এক বিবৃতিতে তালেবান এ দাবি করেছে। খবর রয়টার্সের।
বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মোল্লা ওমরের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে তাঁর ছেলের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, নতুন নেতা মোল্লা মনসুরের কাছে আটটি দাবি তুলে ধরা হলে তিনি তা মেনে নেন। এরপর আনুষ্ঠানিকভাবে তাঁকে ওমরের পরিবারের পক্ষ থেকে নেতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
মোল্লা মনসুরের একজন প্রতিনিধিও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ওমরের পরিবারের দাবিগুলোর একটি হলো মতৈক্যের ভিত্তিতে তালেবানের শুরা কাউন্সিল ও শাসন-বিষয়ক সংস্কার আনা।
তালেবান গত জুলাইয়ে ঘোষণা দেয়, দুই বছর আগে মোল্লা ওমরের মৃত্যু হয়েছে। এরপর উপপ্রধান মোল্লা মনসুরকে তাঁর উত্তরসূরি ঘোষণা করা হয়। কিন্তু এ নিয়ে সংগঠনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একটি অংশের দাবি ছিল মোল্লা ওমরের বড় ছেলে মোল্লা মুহাম্মদ ইয়াকুবকে যেন তাঁর উত্তরসূরি করা হয়।