'তালেবানের রক্তক্ষয়ী হামলাগুলো ক্ষমতার দ্বন্দ্বের ফল'
আফগানিস্তানে তালেবানের গত শুক্রবারের উপর্যুপরি হামলাকে সংগঠনে সম্ভাব্য অন্তর্কোন্দলের ফল বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা। ওই দিন কাবুলে আফগান সেনা ও পুলিশ এবং মার্কিন বিশেষ বাহিনীর ওপর তিনটি হামলায় অন্তত ৫০ জন নিহত ও কয়েক শ ব্যক্তি আহত হয়। খবর রয়টার্স ও বিবিসির।
কাবুলে রক্তক্ষয়ী হামলার শুরু হয় শুক্রবার সকালে। একটি ট্রাকবোমা নগরের জনবহুল শাহ শহিদ এলাকায় আঘাত হানলে ১৫ জন নিহত ও বহু আহত হয়। এর পরে সন্ধ্যায় কাবুল পুলিশ একাডেমিতে আত্মঘাতী হামলা হয়। একাডেমিতে প্রবেশের জন্য গেটের বাইরে লাইনে দাঁড়িয়ে ছিলেন নতুন ক্যাডেটরা। তাঁদের সঙ্গে পুলিশের উর্দি পরেই দাঁড়িয়ে থাকা এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে নিহত হয় কমপক্ষে ২৫ জন। এর কিছু সময় পরই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বিশেষ বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে বন্দুকধারীরা হামলা চালায়। সেখানে কয়েক ঘণ্টা ধরে সেনা ও সন্দেহভাজন জঙ্গিদের গুলিবিনিময় হয়। সেখানেও বিদেশি সেনাসহ কয়েকজন হতাহত হয়। গত কয়েক বছরের মধ্যে এটি ছিল কাবুলের সবচেয়ে রক্তক্ষয়ী দিন। তালেবান বাহিনী পুলিশ একাডেমি ও মার্কিন বাহিনীর ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে ট্রাকবোমার দায়দায়িত্ব তারা নেয়নি।
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান নিকোলাস হেইসম গতকাল শনিবার বলেছেন, এ হামলাগুলো সম্ভবত তালেবানের মধ্যে সম্প্রতি শুরু হওয়া ক্ষমতার দ্বন্দ্বের প্রতিফলন। বিবিসিকে তিনি বলেন, ‘আমাদের সন্দেহ হচ্ছে উত্তরাধিকারী নির্বাচন নিয়ে তালেবানের ক্ষমতার দ্বন্দ্বের কারণেই এভাবে সহিংসতার মাত্রা বেড়েছে।’
পর্যবেক্ষকরা মনে করেন, দীর্ঘদিনের নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর নেতৃত্বের লড়াইয়ে তালেবান দুর্বল হয়ে থাকতে পারে বলে সরকারের আশাকে ভুল প্রমাণ করেছে এ ঘটনা।
ওমরের মৃত্যুর স্থান নিয়ে ভিন্নমত: এপি জানায়, তালেবানের সাবেক প্রধান মোল্লা মোহাম্মদ ওমর পাকিস্তানে মারা যাননি বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। আফগানিস্তানের সরকার মোল্লা ওমর দুই বছর আগে পাকিস্তানের এক হাসপাতালে মারা গেছেন বলে জানানোর এক সপ্তাহ পর এ কথা বললেন তিনি। শুক্রবার আসিফ দাবি করেন, মোল্লা ওমরের মৃত্যু হয় আফগানিস্তানে। সেখানেই তাঁকে সমাধিস্থ করা হয়।
কাবুল কর্তৃপক্ষ গত ২৯ জুলাই আকস্মিকভাবে ঘোষণা করে, প্রায় দুই বছর আগে করাচির একটি হাসপাতালে মোল্লা ওমরের মৃত্যু হয়েছে। এর পরদিন তালেবানের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়।