'দক্ষিণ চীন সাগরে চলাচলে খবরদারি মানবে না যুক্তরাষ্ট্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনকে ইঙ্গিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, তাঁরা দক্ষিণ চীন সাগরে জাহাজ ও আকাশসীমায় উড়োজাহাজ চলাচলের ওপর কারও খবরদারি সহ্য করবেন না। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেন তিনি। খবর এএফপি ও রয়টার্সের।
মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের তিন দিনের ৪৮তম সম্মেলন গতকাল শেষ হয়। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণ ও সেখানে সামরিক স্থাপনা গড়ে তোলার বিষয়টিই এবারের সম্মেলনে সবচেয়ে বেশি প্রাধান্য পায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সংস্থা হলেও আসিয়ানের এবারের নিরাপত্তা সম্মেলনে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। সম্মেলনের শেষ দিন গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ চীন সাগর হয়ে উন্মুক্তভাবে চলাচলের বিষয়টি একটি সহজাত অধিকার। সাগরে জাহাজ ও আকাশসীমায় বিমান পরিচালনাসহ কোনো আইনসিদ্ধ ব্যবহারের ওপরে কড়াকড়ি মেনে নেবে না যুক্তরাষ্ট্র।’
দক্ষিণ চীন সাগরে বড় আঞ্চলিক শক্তি চীনের তৎপরতা নিয়ে এবারের সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে সম্মেলন শেষে যৌথ ইশতেহার ঘোষণা নিয়ে সংশয় সৃষ্টি হয়।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা খসড়ার যৌথ ইশতেহারে দেখা গেছে, দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতার ব্যাপারে আসিয়ানভুক্ত দেশগুলো ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।