'ধ্বংসাবশেষটি বোয়িং ৭৭৭ বিমানেরই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিইউনিয়ন দ্বীপে পাওয়া উড়োজাহাজের খণ্ডটির নম্বর যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি বোয়িং ৭৭৭-এরই অংশ। মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ হওয়া উড়োজাহাজটিও ছিল তাই। গতকাল শুক্রবার এ তথ্য উল্লেখ করে মালয়েশিয়ার পরিবহন উপমন্ত্রী আশা প্রকাশ করেন, ফ্লাইট এমএইচ৩৭০-এর রহস্য উন্মোচনের পথে। খবর এএফপির।
উপমন্ত্রী আবদুল আজিজ কাপরাউই বার্তা সংস্থাকে বলেন, যন্ত্রাংশটির নম্বর খতিয়ে দেখে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজের অংশ।
ছয় ফুট লম্বা ‘ফ্ল্যাপেরন’ নামে পরিচিত বিমানের ডানার অংশটি পাওয়া যায় ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের মালিকানাধীন দ্বীপ রিইউনিয়নের সৈকতে। এমএইচ৩৭০ বিমানটি নিখোঁজের ঘটনা তদন্তকারীরা সম্ভাব্য ধ্বংসাবশেষ সাগরে ভেসে যেদিকে গিয়ে থাকতে পারে বলে ধারণা করছিলেন, তার সঙ্গে এ অবস্থানের মিল আছে।
তবে দীর্ঘ অনুসন্ধানে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস গতকাল বলেছেন, কেবল এই টুকরাটি দিয়ে এত দিন পর মূল ধ্বংসাবশেষের স্থান চিহ্নিত করা বা দুর্ঘটনার কারণ বের করতে পারা প্রায় অসম্ভব হবে।