'নজরদারি ক্যামেরাগুলো আরও বেশি বিপজ্জনক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরায়েলবিরোধী বিক্ষোভের সময় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় ইসরায়েলের পুলিশ। গতকাল মঙ্গলবার এ হাতাহাতির ঘটনা ঘটে l রয়টার্স
অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরায়েলবিরোধী বিক্ষোভের সময় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় ইসরায়েলের পুলিশ। গতকাল মঙ্গলবার এ হাতাহাতির ঘটনা ঘটে l রয়টার্স

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্রের বদলে নজরদারি ক্যামেরা বসানোয় পরিস্থিতির উন্নতি তো হয়ইনি; বরং ফিলিস্তিনিদের ক্ষোভ আরও বেড়েছে। নজরদারির নতুন ব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত ক্ষুব্ধ ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

এদিকে নজরদারির নতুন ব্যবস্থায়ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞ ও আইনজীবীরা।

রামাল্লাহ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক খলিল শাহীন বলেন, এই ক্যামেরায় চেহারা দেখার পাশাপাশি পরিচয়ও শনাক্ত করা সম্ভব। এর মানে হলো, আল-হারাম আল-শরিফ এলাকায় পুরোপুরি নিয়ন্ত্রণ আরোপ করল ইসরায়েল। এটা নজরদারি ও নিয়ন্ত্রণের নতুন ব্যবস্থা ছাড়া অন্য কিছুই নয়।...ফিলিস্তিনিদের তা অবশ্যই প্রত্যাখ্যান করা উচিত। খলিল শাহীন বলেন, ‘এই নজরদারি ক্যামেরাগুলো মেটাল ডিটেক্টরের (ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র) চেয়ে আরও বেশি বিপজ্জনক।’

তুমুল বিতর্ক, প্রতিবাদ বিক্ষোভ ও সহিংসতার পর গত মঙ্গলবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র সরিয়ে নেওয়া হয়। এর বদলে নজরদারি ক্যামেরা বসানো হয়। কিন্তু মসজিদ প্রাঙ্গণে ক্যামেরা বসানোয় আপত্তি তোলে কয়েক শ ফিলিস্তিনি। মোহাম্মদ আবু আল-হুমোস নামের একজন ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট বলেন, ‘আমি আল-আকসায় যাওয়া-আসা করব। তারা আমাকে (ইসরায়েলি কর্তৃপক্ষ) পর্যবেক্ষণ করার কে?’

 মুসলিম কর্তৃপক্ষ বলেছে, তারা আল-আকসা এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ না করা পর্যন্ত কেউ যেন সেখানে নামাজ পড়তে না যান। আর আল-আকসা মসজিদের পরিচালক শেখ নাজেহ বাকিরাত বলেন, শনাক্তকরণ যন্ত্র সরিয়ে নেওয়াতেই মুসলিমদের দাবি পূরণ হয়ে যায়নি। কারণ, এর বদলে সেখানে এখন নজরদারি ক্যামেরা রয়ে গেছে। এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায়ও আল-আকসা মসজিদের বাইরের সড়কে নামাজ পড়েন ফিলিস্তিনি মুসল্লিরা। এর পরপরই ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে ইসরায়েলি বাহিনী।

পরিস্থিতি সংকটপূর্ণ মুহূর্তে

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত সংগঠনটির প্রধান অঙ্গ নিরাপত্তা পরিষদকে বলেছেন, পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের পরিস্থিতি সংকটপূর্ণ মুহূর্তে। ইসরায়েলের ‘বেপরোয়া ও ধ্বংসাত্মক কার্যক্রম’ থেকে ফিলিস্তিনিদের এবং তাদের পবিত্র এলাকাটি রক্ষায় নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে বলেন, ধর্মীয় সংঘাতে ইন্ধন জোগানো কিংবা প্ররোচিত করা দৃশ্যত অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডে অনড় অবস্থানের প্রকাশ্য রূপ। ‘আমরা নিঃসন্দেহে সংকটপূর্ণ এক মুহূর্তে।’

শেখ রাইদ সারেহ নামের আল-আকসার আরেক কর্তৃপক্ষ বলেন, ১৪ জুলাইয়ের পর মসজিদ প্রাঙ্গণে কড়াকড়ি আরোপের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোর সব সরিয়ে না নেওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের ক্ষোভ থাকবেই।

উল্লেখ্য, ১৪ জুলাই হামলায় দুজন ইসরায়েলি পুলিশ নিহত হওয়ার জেরে সেখানে মেটাল ডিটেক্টর বসানোসহ ৫০-অনূর্ধ্ব মুসলিমদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েল।