
জাপানের নাগাসাকি বন্দরের সঙ্গে বিদেশের সংযোগের শুরু আজ থেকে সাড়ে চার শ বছর আগে। পরবর্তী সময়ে ১৬৩৯ সাল থেকে শুরু করে টানা ২২০ বছর জাপান যখন বিদেশের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ রেখেছিল, নাগাসাকিই তখন ছিল একমাত্র বন্দর, যেটা গুটি কয়েক দেশের জাহাজের জন্য উন্মুক্ত ছিল। ফলে বিদেশের সঙ্গে যোগাযোগের দীর্ঘ ইতিহাস নাগাসাকির। গত মাসের শেষে বিদেশি কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলার শুরুতে নাগাসাকির পরিচয়টা এভাবেই দেন শহরের মেয়র তোমিহিসা তাউয়ে।
হিরোশিমার মেয়র কাজুমি মাৎসুইয়ের পাশাপাশি নাগাসাকির মেয়র হলেন জাপানের সব শহরের নির্বাচিত নগর প্রশাসকদের মধ্যে দেশের বাইরে সবচেয়ে পরিচিত দুই ব্যক্তিত্ব। অবশ্যই এর বড় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ প্রান্তে জাপানের এ দুই শহরের নির্মম পরিণতি। ৭২ বছর আগের আণবিক বোমা হামলার পরিণতিতে পরবর্তী সময়ে জাপানের এ দুই শহরকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার বৈশ্বিক আন্দোলনের সামনের সারিতে নিয়ে আসে। তাই এ দুই মেয়রকেই কখনো কখনো কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরোধিতা করেও শান্তির পক্ষে অবস্থান নিতে হচ্ছে।
কিউশু বিশ্ববিদ্যালয়ের আইনের স্নাতক মেয়র তোমিহিসা তাউয়ে নগর প্রশাসনের কর্মকর্তা হিসেবে পেশাগত জীবন শুরু করেছিলেন। ২০০৭ সালে প্রথমবারের মতো নাগাসাকির মেয়র নির্বাচিত হওয়ার পর আরও দুই দফায় তিনি ভোটারদের আস্থা লাভ করেছেন। শহরবাসীর কাছাকাছি অবস্থানের সুনাম রয়েছে তাঁর।
প্রশ্নোত্তর পর্বের শুরুতেই প্রশ্ন ছিল, বিদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের দীর্ঘ ইতিহাস সত্ত্বেও বিদেশি একটি শক্তি শহরের ওপর আণবিক বোমা ছুড়েছিল। সেই রাষ্ট্র সম্পর্কে নাগাসাকিবাসীর মনে স্থায়ীভাবে বিরূপ ধারণার জন্ম দিয়েছে কি না। তোমিহিসা তাউয়ে বলেন, আণবিক বোমা হামলায় সরাসরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই হিবাকুশাদের মধ্যে শুরুতে কিছুটা বৈরী মনোভাব দেখা দিয়েছিল। সময়ের বিবর্তনে বিষয়টিকে এখন আর সেভাবে দেখা হচ্ছে না। বরং নগরবাসীর মধ্যে যে প্রবণতা সবচেয়ে বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে অতীতের সেই তিক্ততার আলোকে শান্তির প্রয়োজনীয়তার বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিয়ে বিশ্ব শান্তি অর্জনের আন্দোলনে সবাইকে জড়ো করা।
জাতিসংঘের সংখ্যাধিক্য সদস্যরাষ্ট্রের অনুমোদিত পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে জাপানের যোগ না দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নাগাসাকির মেয়র বলেন, শান্তির শহর হিসেবে নাগাসাকি চুক্তিকে স্বাগত জানায়। চুক্তির আলোচনায় জাপানের অংশ না নেওয়া তাঁকে হতাশ করেছে। তবে তাঁর প্রত্যাশা, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় জাপান কাজ করে যাবে এবং এই প্রক্রিয়া দেরিতে হলেও চুক্তি স্বাক্ষরের দিকে জাপানকে নিয়ে যাবে। তিনি বলেন, চুক্তিটি কার্যকর হওয়ার পর সবচেয়ে ফলপ্রসূভাবে সেটাকে কীভাবে কাজে লাগানো যায়, তা ভেবে দেখা ভবিষ্যতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবেচিত হবে।
হিরোশিমা আর নাগাসাকি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার কথা বলে গেলেও জাপানের ঘরের কাছে পারমাণবিক অস্ত্র নিয়ে চলতে থাকা লুকোচুরি খেলাকে তিনি কীভাবে দেখেন জানতে চাইলে তোমিহিসা তাউয়ে বলেন, উত্তর-পূর্ব এশিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত এলাকা ঘোষণার ধারণা থেকে এই অঞ্চলের কোনো দেশই পিছিয়ে যায়নি। ফলে আলোচনার একটি কাঠামো ঠিক করে নেওয়া গেলে সেই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে তাঁর মত।
২০১৬ সালের মে মাসে তখনকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হিরোশিমা সফর করলেও আণবিক বোমা হামলার দ্বিতীয় শহর নাগাসাকিতে আসেননি। এটা তাঁকে হতাশ করেছে কি না—প্রথম আলোর এই প্রশ্নে নাগাসাকির মেয়র বলেন, তাঁর আশা ছিল প্রেসিডেন্ট ওবামা নাগাসাকিতে এসেও হিবাকুশাদের অভিজ্ঞতার কথা তাদের মুখ থেকেই শুনবেন। তবে বাস্তবে তা হয়নি বলে আশাহত হলেও ওবামার হিরোশিমা সফরকে তিনি বড় অগ্রগতি হিসেবে দেখছেন। একই বছর নাগাসাকি মার্কিন চলচ্চিত্র ব্যক্তিত্ব অলিভার স্টোনকে আমন্ত্রণ জানিয়েছিল। নাগাসাকি ভ্রমণ শেষে ফিরে যুক্তরাষ্ট্রে গিয়ে শান্তির বাণী ছড়িয়ে দেওয়ায় অলিভার স্টোন যে অবদান রাখেন, তা অতুলনীয়। নাগাসাকি যেন আণবিক বোমা হামলার শিকার হওয়া বিশ্বের শেষ শহর, এটা বুঝতে সারা বিশ্বের নেতাদের সব সময় নাগাসাকি সফরের আমন্ত্রণ জানাচ্ছেন তোমিহিসা তাউয়ে।
সেই আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলায়ও প্রযোজ্য কি না, তা জানতে চাওয়া হলে নাগাসাকির মেয়র বলেন, অবশ্যই। নাগাসাকি নগর প্রশাসন ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্টের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিজের করণীয় দায়িত্ব নাগাসাকি পালন করেছে। তবে তিনি আসবেন কি আসবেন না, সেটা এখন ট্রাম্পের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।