'নায়ক' পুতিনের সঙ্গে সাক্ষাৎ দুতার্তের
নিজের ‘নায়ক’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
পেরুর রাজধানী লিমায় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকে বসেন দুতার্তে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ব্যাপারে নতুন করে তাঁর ক্ষোভ ঝাড়েন। দুতার্তে বলেন, পশ্চিমা দেশগুলো ছোট দেশগুলোকে নিষ্পেষণ করছে। শুধু তা-ই নয়, তাদের আচরণে রয়েছে ‘শঠতা’। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভিয়েতনাম, আফগানিস্তান ও ইরাকে তথাকথিত গণবিধ্বংসী মারণাস্ত্রের জন্য হামলা চালিয়েছে। অথচ সেখানে কিছুই পাওয়া যায়নি।
ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ভিয়েতনাম ও ইরাক যুদ্ধে সেনাসদস্য দেওয়ার জন্য ফিলিপাইনকে বাধ্য করেছে।
গত জুনে ক্ষমতা নেওয়ার পর মার্কিন বলয় থেকে বেরিয়ে রুশ ও চীন বলয়ে যাওয়ার চেষ্টা করছেন দুতার্তে। যুক্তরাষ্ট্র, দেশটির প্রেসিডেন্ট ও অন্য শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কে একাধিকবার অশিষ্ট মন্তব্য করে আলোচনার ঝড় তুলেছেন তিনি। অন্যদিকে পুতিনকে আখ্যায়িত করেছেন তাঁর ‘নায়ক’ বলে।