'নির্মম যুদ্ধের' অঙ্গীকার তিউনিসিয়ার

সন্ত্রাসের বিরুদ্ধে ‘নির্মম যুদ্ধ’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বিজ সাইদ এসেবসি। গতকাল বুধবার দেশটির রাজধানী তিউনিসের বারদো জাদুঘরে বন্দুকধারীদের গুলিতে ১৭ পর্যটকসহ মোট ১৯ জন নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এ ঘোষণা দেন। ওই ঘটনায় আরও ৪০ ব্যক্তি আহত হন।
আজ বৃহস্পতিবার বার্তা এএফপির খবরে জানানো হয়, তিউনিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে গিয়ে এসেবসি ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘আমি চাই তিউনিসিয়ার মানুষ জানুক, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি এবং ওই বর্বর সংখ্যালঘুদের আমরা ভয় পাই না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তাঁদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। ’
এ হামলায় আহত জাপানি পর্যটক নোরিকো ইয়ুকি (৩৫) জাপানের টেলিভিশন চ্যানেল এনএইচকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘আমি দুই হাত তুলে মাথা নিচু করে ছিলাম। তা সত্ত্বেও আমার কানে, হাতে ও ঘাড়ে গুলি করা হয়। আমার পাশে থাকা আমার মার ঘাড়েও গুলি করা হয়। পুলিশ আসার আগ পর্যন্ত মা নিজ থেকে নড়তে পারছিলেন না।
বারদো জাদুঘরের কর্মচারী দোহা বেলহাজ আলায়া বলেন, ‘আমার সহকর্মীরা “গুলি চলছে, পালাও পালাও” বলে চিৎকার করছিলেন। আমরা পেছনের দরজা দিয়ে কয়েকজন সহকর্মী ও পর্যটকদের নিয়ে বেরিয়ে পড়ি। ’
গতকাল দুপুরে বন্দুকধারীরা প্রথমে একটি গাড়িতে করে এসে জাদুঘরের পাশে অবস্থিত পার্লামেন্ট ভবনে চড়াও হয় এবং গুলি ছুড়তে শুরু করে। বন্দুকধারীদের একজনকে পার্লামেন্ট ভবনের ছাদে দেখা গেছে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং পার্লামেন্ট ভবন থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই সময় পার্লামেন্ট ভবনে একটি সন্ত্রাসবিরোধী আইন নিয়ে বিতর্ক চলছিল। পরে বারদো জাদুঘরে কালাশনিকভ রাইফেলধারী দুই বা ততোধিক ব্যক্তি ঢুকে পড়ে। তারা সেখানকার দর্শনার্থীদের জিম্মি করে এবং তাঁদের ওপর নির্বিচারে গুলি চালায়। হামলার সময় সেখানে প্রায় ১০০ পর্যটক ছিলেন। পরে জিম্মিদের উদ্ধারে সেখানে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়।
এ ঘটনায় নিহত ১৭ পর্যটকের মধ্যে পাঁচজন জাপানের, চারজন ইতালির, দুজন কলম্বিয়ার এবং অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, স্পেনের একজন করে নাগরিক ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাতিসংঘ।
আরও পড়ুন.....
তিউনিসিয়ায় জাদুঘরে দুর্বৃত্তদের গুলিতে ১৭ পর্যটক নিহত