'পরিবর্তনের' নির্বাচনে ভোটগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সম্ভাব্য তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক সাধারণ নির্বাচনে গতকাল মঙ্গলবার ভোট দিয়েছে ইসরায়েলিরা। ‘পরিবর্তনের’ এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী লেবার পার্টি ও মধ্য বামপন্থী জোট জায়োনিস্ট ইউনিয়নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছিল। অনেকে একে দেখেছেন কট্টরপন্থী নেতানিয়াহুর চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নে এক গণভোট হিসেবেও। খবর এএফপি, বিবিসি ও আল-জাজিরার।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ২০তম এই নির্বাচনে গতকাল স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট নেওয়া শেষ হওয়ার কথা রাত ১০টায়। ভোট গণনা শেষে গতকালই ফল ঘোষণা করার কথা ছিল। জনমত জরিপের ফল মোতাবেক, ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন কেউই পাচ্ছে না। তাই আগামী চার বছরের জন্য কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, দীর্ঘ দর-কষাকষির পর জোট সরকার গঠনের ঘোষণা না আসা পর্যন্ত তা জানা যাচ্ছে না।
নেতানিয়াহুর প্রতিপক্ষ জনমত জরিপে এগিয়ে থাকা জায়োনিস্ট ইউনিয়ন জোট ক্ষমতায় গেলে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে বলে অঙ্গীকার করেছে। জোটের প্রার্থী আইজ্যাক (৫৪) হারজোগকে এরই মধ্যে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ। অন্যদিকে জনমত জরিপে পিছিয়ে থাকা লিকুদ পার্টির নেতা প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি জয়ী হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবেন না। দৃশ্যত কট্টরপন্থী ইহুদিদের ভোট টানার মরিয়া চেষ্টাতেই তিনি শেষ মুহূর্তে ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা ও অধিকৃত ভূখণ্ডে নতুন করে বসতি নির্মাণের অঙ্গীকার করেছেন।
সর্বশেষ জনমত জরিপের ফল বলছে, জায়োনিস্ট ইউনিয়ন ২৪ থেকে ২৬ এবং লিকুদ পার্টি ২০ থেকে ২২টি আসন পেতে পারে। বাকি আসনগুলো ভাগ-বাঁটোয়ারা হবে অন্তত অন্য ১১টি দলের মধ্যে। এর মধ্যে জরিপে প্রধান আরব ইসরায়েলি দলগুলোর সদ্য গড়া জোট ‘জয়েন্ট লিস্ট’ ১৩টি আসন এবং মধ্য ডানপন্থী দল ইয়েশ আতিদ ১২টি আসন পেতে পারে বলে আভাস পাওয়া গেছে।
এবারের নির্বাচনে কূটনৈতিক ও জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের অর্থনীতি ও আবাসন সুবিধাসহ জীবনযাত্রার মান সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।