'পশ্চিমাদের ভুলে মধ্যপ্রাচ্য আজ সন্ত্রাসীদের আশ্রয়স্থল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পশ্চিমা দেশগুলোর কৌশলগত ভুলের কারণে মধ্যপ্রাচ্য সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে বিশ্বনেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
প্রেসিডেন্ট রুহানি বলেন, কয়েকটি রাষ্ট্র এবং গোয়েন্দা সংস্থা কিছু উন্মাদ লোকের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এসব অস্ত্রধারী এখন কাউকেই নিষ্কৃতি দিচ্ছে না। সিরিয়ায় পশ্চিমাদের অযাচিত হস্তক্ষেপ তারই সুস্পষ্ট প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।
তবে পশ্চিমা দেশগুলোর সমালোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে পশ্চিমাদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার ইঙ্গিত দিয়েছেন রুহানি। আগামী নভেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিগুলোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায় ইরান। এ লক্ষ্যে একমত হতে ইরান জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পাশাপাশি পশ্চিমাদের সঙ্গে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
গত বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৭৯ সালের পর দুই দেশের প্রধানের এটাই প্রথম বৈঠক।