'প্রকৃত ইতিহাস' লিখবে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গারা মিয়ানমারের আদি অধিবাসী নয়—এমন ‘তথ্য ও প্রমাণ’ নিয়ে ইতিহাসগ্রন্থ লেখার পরিকল্পনা করছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। রোহিঙ্গাদের বাদ দিয়েই লেখা হবে নতুন এই ইতিহাস। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর অব্যাহত নির্মমতার মধ্যেই এই সিদ্ধান্ত নিচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ।
রোহিঙ্গাদের নির্যাতনের শিকার হওয়া, গণধর্ষণ ও হত্যার ঘটনা শান্তিতে নোবেল জয়ী অং সান সু চির সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। মিয়ানমারের সমালোচনায় মুখর বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আন্তর্জাতিক সমালোচনায় বেশ চটেছে সু চি ও তাঁর সরকার। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের জরুরি বৈঠক আহ্বান করেছে মিয়ানমার।
এই পরিস্থিতির মধ্যেই গত সোমবার দেশটির ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা একটি বই প্রকাশ করবে। সেখানে ভিনদেশের দাবির জবাব দেওয়া হবে। প্রমাণ করা হবে রোহিঙ্গারা মিয়ানমারের নয়। ফেসবুকে এক বার্তায় মন্ত্রণালয় বলে, ‘মিয়ানমারের প্রকৃত ইতিহাস নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা দিচ্ছি আমরা। প্রকৃত সত্য হচ্ছে, “রোহিঙ্গা” শব্দটি মিয়ানমারে জাতি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইতিহাসে কখনো ছিল না, এর ব্যবহারও হয়নি।’
মন্ত্রণালয় দাবি করেছে, ১৯৪৮ সালে এক বাঙালি আইনপ্রণেতা সর্বপ্রথম রোহিঙ্গা শব্দটি ব্যবহার করে।
দেশটির ১০ লাখের বেশি রোহিঙ্গা বৌদ্ধধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ লোকজনের হাতে নানা সময় নির্যাতিত হয়ে আসছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গা মুসলমানরা হচ্ছেন বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত জনগোষ্ঠী। রোহিঙ্গাদের দুর্দশাকে দক্ষিণ আফ্রিকার এককালের বর্ণবাদী নির্যাতনের সঙ্গে তুলনা করা হয়।
১৯৮২ সালে সামরিক জান্তা সরকার রোহিঙ্গাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী স্বীকৃতি প্রত্যাহার করে। বৌদ্ধধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠদের দাবি, রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজন বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী। তারা বাঙালি। এমনকি সু চিও তাঁর সরকারি কর্মকর্তাদের ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছেন।
তবে বরাবরই মিয়ানমার সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে রোহিঙ্গা জনগোষ্ঠী। রাখাইনই তাদের আদি নিবাস বলে দাবি রোহিঙ্গাদের। কয়েক শ বছর ধরে তারা সেখানে কয়েক পুরুষ ধরে বসবাস করে আসছে।
বর্তমান পরিস্থিতির আগে ২০১২ সালে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের হাতে নির্যাতিত হয়ে প্রাণে বাঁচতে ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা বসতভিটা ছেড়েছিল।