শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদী দমন অভিযানের শেষ পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে ‘সর্বোচ্চ মাত্রার গুরুতর বিষয় পাওয়া গেছে’। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রিন্স জেইদ আল রাদ আল হোসেন সুইজারল্যান্ডের জেনেভায় গত সোমবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) অধিবেশনের উদ্বোধনী দিনে প্রিন্স জেইদ বলেন, ছয় বছর আগে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের শেষ মাসে বেসামরিক মানুষের প্রাণহানি ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হয়েছিল।
শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনটি আজ বুধবার প্রকাশ করা হবে।
ট্রুথ কমিশন প্রত্যাখ্যান: শ্রীলঙ্কার সরকার কয়েক দশকের জাতিগত লড়াইয়ের পর আবার ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে যে ট্রুথ কমিশন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে, দেশটির সংখ্যালঘু তামিল সম্প্রদায় গতকাল মঙ্গলবার তা প্রত্যাখ্যান করে এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাবিরা তাঁর দেশে পুনর্মিলন উদ্যোগের বেশ কয়েকটি পরিকল্পনা সোমবার তুলে ধরেন। কিন্তু তামিল নেতারা বলেছেন, নতুন সরকারের ওই ট্রুথ কমিশন গঠনের উদ্যোগ পর্যাপ্ত নয়। কারণ, এ কমিশন ঠিকমতো তদন্তকাজ করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।