'প্রভাব বাড়াতে' চীনের পাশের মঙ্গোলিয়ায় মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম​েঙ্গা​লীয় পার্লামেন্টে মোদি
ম​েঙ্গা​লীয় পার্লামেন্টে মোদি

চীনের পর মঙ্গোলিয়া সফরে গিয়ে দেশটিকে ১০০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলা হচ্ছে, চীনের পাশের এই দেশটিতে প্রভাব বাড়াতেই দুই দিনের সফরের দ্বিতীয় দিনে গতকাল রোববার এই প্রতিশ্রুতি দেন মোদি। খবর এএফপি ও এনডিটিভির।
গতকাল মোদি মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী চিমেদ সাইখানবাইলেগের সঙ্গে বৈঠকে খনিজ সম্পদে ভরপুর এই দেশটির প্রশংসায় পঞ্চমুখ হন। মঙ্গোলিয়াকে ‘বিশ্বের গণতন্ত্রের নতুন আশার আলো’ আখ্যা দেন তিনি। আরও বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভারত ও মঙ্গোলিয়া ঘনিষ্ঠভাবে সংযুক্ত।
দুই নেতা ‘কৌশলগত অংশীদারত্ব’ বাড়ানোর জন্য একটি যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেন। মঙ্গোলিয়া এক বছর আগে এমন একটি চুক্তি স্বাক্ষর করেছিল চীনের সঙ্গে। এই চুক্তির পাশাপাশি মঙ্গোলিয়ার অবকাঠামো খাতের উন্নয়নের জন্য ১০০ কোটি ডলারের ঋণ দেয় ভারত। দুই দেশ পরস্পরকে সীমান্তে নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিরও প্রতিশ্রুতি দেয়।
খনি শিল্পের বিকাশের কারণে সাম্প্রতিক সময়ে মঙ্গোলিয়ার অর্থনীতি ফুলে-ফেঁপে উঠেছে। ২০১১ সালে প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৭ দশমিক ৫ শতাংশ। মঙ্গোলিয়া বাণিজ্যের জন্য চীনের ওপর নির্ভর করলেও দেশটির অর্থনৈতিক প্রভাব নিয়ে বেশ সতর্ক। তাই জাপান এবং রাশিয়ার সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করতে চায়।
মোদির সফরে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে ১৪টি চুক্তি স্বাক্ষরিত হয়। এসব চুক্তির বিষয় প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং স্বাস্থ্য।
১০০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়ে মোদি বলেন, ‘মঙ্গোলিয়ার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে এই সহায়তা দিয়ে আমি আনন্দিত।’
দুই দেশের জাতীয় নিরাপত্তা পরিষদ একে অপরকে কৌশলগত সহায়তা দেবে বলেও জানান মোদি। মঙ্গোলিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা-সংক্রান্ত দপ্তরে সাইবার নিরাপত্তা কেন্দ্র স্থাপনেও সহযোগিতা দেবে ভারত।
মঙ্গোলিয়ার প্রতি এই ‘সহযোগিতার হাত’ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ভারত দৃশ্যত এর ‘পুব দিকে সক্রিয়’ হওয়া নীতির বহিঃপ্রকাশ ঘটাল।
মঙ্গোলিয়ার পর মোদি যাবেন দক্ষিণ কোরিয়ায়।
মোদিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রীয় সফরে মঙ্গোলিয়া গেলেন। গতকাল ওই চুক্তিগুলো স্বাক্ষরের পাশাপাশি মোদি মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে তিব্বতি ধাঁচের মান্দেন বৌদ্ধ মঠ দেখতে যান। এই সফরেও মোদির ‘সেলফি কূটনীতি’ বাদ যায়নি। তিনি মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সাকিয়াজিন এলবেগডোরজের সঙ্গে সেলফি তোলেন। সেই ছবি টুইটারে পোস্ট করে মোদি লেখেন, ‘প্রেসিডেন্ট এলবেগডোরজে এবং আমি’। দুই দিন আগে চীন সফরে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী লি খেসিয়াংয়ের সঙ্গেও সেলফি তোলেন ভারতের প্রধানমন্ত্রী।