'প্লাস্টিকের ঘরে' জীবন

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পোর নাম বর্তমানে কারও অজানা নয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস), বাশার বাহিনী আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক বাহিনী, সবার দৃষ্টিই এই এলাকার ওপর। প্রায় প্রতিদিনই এখানকার কোথাও না কোথাও বোমা পড়ছে। হতাহত হচ্ছে বহু বেসামরিক মানুষ। উড়ে যাচ্ছে বাড়িঘর। যে ঘরদোরগুলো বেঁচে যাচ্ছে, বিস্ফোরণের আঘাতে চূর্ণবিচূর্ণ হচ্ছে সেগুলোর কাচ। এদিকে, হু হু করে বেড়ে চলেছে কাচের দাম। কাজেই জানালাগুলো প্লাস্টিক শিটে ঢেকে ফেলাই শ্রেয় বলে মনে করছেন আলেপ্পোর বাসিন্দারা। অনেক বাড়িতে তো দরজার জায়গায় ঝুলিয়ে রাখা হচ্ছে সাদা ত্রিপল। পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গেছে যে জানালায় কাচের ব্যবহার রীতিমতো বিলাসিতার পর্যায়ে গিয়ে ঠেকেছে আলেপ্পোয়।
সিরিয়ার বৃহত্তম এই শহরের আল-মিদান এলাকার বাসিন্দা এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক আম্মার ওয়াত্তার তাঁর বাড়ির সবগুলো জানালাই শক্ত প্লাস্টিক শিটে মুড়ে ফেলেছেন। তাঁর ভাষ্য, ‘আমাদের প্রতিটা জানালার শার্সিই বোমার আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। প্রথমবার ভাঙার পর কাচ বসিয়েছিলাম। কিন্তু বারবার ভেঙে গেলে করার কী আছে? তাই শেষ পর্যন্ত প্লাস্টিক বসানোর সিদ্ধান্ত নিই।’
আসরা আল-মাসরি নামের অপর এক শিক্ষক বলেন, একদিন রকেট হামলার পর একটি ভাঙা কাচের টুকরো ছিটকে তাঁর মেয়ের পায়ে আঘাত করে। এরপর থেকেই তিনি জানালার কাচ বদলানো বন্ধ করে দিয়েছেন। কিন্তু পোকামাকড়, ধুলোময়লা, ঝুল-কালি আর বাইরের শব্দের কারণে বাড়িতে টেকাই দায় হয়ে পড়েছে। তাই জানালা-দরজায় প্লাস্টিকের শিটই বিকল্প হিসেবে বেছে নিয়েছেন তিনি।
তবে জানালা-দরজায় প্লাস্টিকের শিট বসিয়ে বাইরের জগৎ থেকে নিজের বাড়ির ভেতরের পরিবেশকে আলাদা করা গেলেও তাতেও খুব একটা রেহাই মিলছে না আলেপ্পোর বাসিন্দাদের। তারিক আল বাব এলাকার বাসিন্দা আবু ওমর বলেন ‘সবচেয়ে বড় সমস্যা হলো, খাবারের সন্ধান করতে গিয়ে রাস্তার বিড়ালগুলো নখের আঁচড়ে প্লাস্টিক ছিঁড়ে ফেলে।’
বুস্তান আল-কাসরের বাসিন্দা মোহম্মদ জোখদার বলেন, প্লাস্টিক লাগিয়েও স্বস্তি মিলছে না তাঁদের। কারণ প্লাস্টিক ভেদ করে মাঝেমধ্যেই বৃষ্টির পানি ঢুকে পড়ে। তা ছাড়া বাইরের শব্দও এতে আটকায় না।
গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক হস্তক্ষেপে সিরিয়ায় যুদ্ধবিরতির ব্যাপারে সবগুলো পক্ষ একমত হয়। কিন্তু এরপরও আলেপ্পোয় সংঘাত এবং বোমা হামলা অব্যাহত রয়েছে।