'ফিলিস্তিনিরা আরও সংকল্পবদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনিরা সকল ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে তাঁদের দেশ রক্ষায় সংকল্পবদ্ধ। ইসরায়েল যতই হত্যা আর গ্রেপ্তারের অভিনব কৌশল গ্রহণ করুক না কেন সেটা ফিলিস্তিনিদের সংকল্পকে আরও বাড়িয়ে দেয়। ঢাকায় ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ এস রামাদান এমনটাই মন্তব্য করেছেন। 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ইউসেফ এস রামাদান।
ফিলিস্তিনের পক্ষে অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণকে তাঁর দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানান এ কূটনীতিক। ‘বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে’ সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি জোর সমর্থন জানান তিনি।
ইউসেফ এস রামাদান বলেন, ইসরায়েলি শাসকেরা মনে করেছিল জুলুম নির্যাতন সহ্য করতে করতে সেখানে এমন একটি নতুন প্রজন্ম আসবে যাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকবে না। তারা ওই অবস্থাকে মেনে নিয়ে ধীরে ধীরে ফিলিস্তিন ইস্যুকে ভুলে যাবে। কিন্তু পরিস্থিতি উল্টো মন্তব্য করে রামাদান বলেন, ত্যাগ তিতিক্ষা ফিলিস্তিনিদের অভ্যাসে পরিণত হয়েছে। যে জাতি গত এক শতাব্দীতে তার অধিকারকে ভোলেনি, সুতরাং পরবর্তী শতাব্দীতেও ভুলবে না।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এ মুহূর্তেই দখলদার ইসরায়েলি বাহিনী প্রত্যাহার জরুরি। আল আকসা মসজিদকে কোনোভাবে বিভক্ত করা যাবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জেরুজালেমকে রাজধানী করেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ফিলিস্তিনিদের স্বাধিকার আন্দোলনে লড়াই করার জন্য আশির দশকে জাসদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক পাঠানোর উল্লেখ করে তথ্যমন্ত্রী ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, ফিলিস্তিন নিয়ে পশ্চিমাদের যে নীতি তাতে শুধু ফিলিস্তিনিরাই নয়, সারা বিশ্বের মানুষই ভুগছে। ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে’-এ যুক্তিতে ফিলিস্তিনিদের ওপর অবিচার চলছে উল্লেখ করে তিনি বলেন, যতই দিন যাচ্ছে ততই সমস্যাটির সমাধান অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।
বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দিন খান। ফিলিস্তিন সংকটের বহুমাত্রিক বিশ্লেষণ তুলে ধরেন তিনি। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধানে ৯৩ সালের অসলো চুক্তির ব্যর্থতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে চরমপন্থী রাজনীতির জনপ্রিয়তা নতুন বাস্তবতা তৈরি করেছে। ইসরায়েল নীতিগতভাবে আরও আগ্রাসী হয়েছে। ফিলিস্তিন সমস্যার সমাধানে নানা ধরনের প্রস্তাব উঠলেও সেখানকার মানুষ কীভাবে এর সমাধান চায় তার ওপর গুরুত্ব দিয়েই সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন তানজীম উদ্দিন খান।