'ফ্রি টি' লেখা থাকলেই খেয়ে ফেলবেন?

এক বিদেশি পর্যটক জাপানের এক সুপার শপে গিয়ে শেলফ থেকে ঠান্ডা লেবু চায়ের বোতল তুলে ঢকঢক করে গিলতে শুরু করলেন। আর যায় কোথায়! দোকানিরা তো এ দৃশ্য দেখে অবাক। কারণ, ওই ব্যক্তি তা না কিনেই খাওয়া শুরু করেছেন। এ নিয়ে শুরু হয় উভয় পক্ষে তর্কাতর্কি।
এই ব্যক্তি বারবার দোকানিকে বলতে থাকেন, ‘আমি কী করেছি, আমার কী ভুল? চায়ের বোতলের গায়ে লেবেলেই তো লেখা ফ্রি টি।’
পরে সুপার শপের ক্যাশিয়ার থাকে বোঝাতে সক্ষম হন যে এই চা সৌজন্যমূলক পানীয় নয়। এই চায়ের ব্র্যান্ডের নাম ‘ফ্রি টি’। ব্র্যান্ডের নামের অনুবাদের কারণেই এমনটা হয়েছে।
পরে অবশ্য বিদেশি এই ব্যক্তি কিছুটা চুপসে যান। ভয়ে ভয়ে বলেন, দোকানটির এই লেবেল পরিবর্তন করা উচিত।
এ ঘটনার সাক্ষী টোকিওর আকিয়ামা কোজিরো নামের এক ব্যক্তি টুইটারে ঘটনার বিবরণ লিখেন। তিনি বিবিসিকে বলেন, তিনি বিদেশি ওই ব্যক্তি ও দোকানি দুজনকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু কেউই শুনছিল না। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে।
এই চা জাপানের পানীয় বিক্রির বিশাল ব্যবসাপ্রতিষ্ঠান পোক্কা সাপ্পোরোর তৈরি। তাদের অফিশিয়াল সাইটে এই চায়ের গুণমান সম্পর্কে বলা হয়েছে, প্রচণ্ড চাপ থেকে মুক্তি পেতে এই পানীয় সহায়তা করবে।
আকিয়ামা বলেন, জাপানে রেস্তোরাঁয় ফ্রি চা দেওয়া হয়, রাস্তায় ফ্রি টিস্যু দেওয়া হয়—যা এ ধরনের বিভ্রান্তি তৈরি করে। নিশ্চয়ই ওই বিদেশি মনে করবেন, আহ! জাপান কত ভালো! এখানে অনেক কিছু ফ্রি পাওয়া যায়। তিনি বলেন, জাপানিরাও অনেক সময় ভাষার কারণে বিভ্রান্ত হয়ে পড়েন। প্রত্যেকেই ভুল করেন। তাই বিদেশি ভাষা ব্যবহারের ক্ষেত্রে উদার ও সবার জন্য বোধগম্য করার ওপর জোর দেওয়া প্রয়োজন।