'বন্ধুর' কুঠারের আঘাতে নিহত প্রেসিডেন্টের ভাই
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ছোট ভাই প্রিয়ান্থা সিরিসেনা কুঠারের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। গত বৃহস্পতিবার হামলার শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার তাঁর মৃত্যু হয়। খবর এএফপি ও বিবিসির।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রিয়ান্থা তাঁর নিজ শহর পোলোন্নারুভায় ‘বন্ধুর সঙ্গে বচসার একপর্যায়ে’ আহত হন। তাঁর মাথায় কুঠার দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়। ঘটনার পরপরই প্রিয়ান্থাকে কলম্বোতে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক বলেছেন, প্রিয়ান্থার আঘাত ছিল গুরুতর। অস্ত্রোপচারের পরও তাঁকে বাঁচানো যায়নি। হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
১২ ভাইবোনের মধ্যে প্রিয়ান্থা সিরিসেনা ছিলেন সবচেয়ে ছোট। তিনি তিন সন্তানের জনক।
প্রেসিডেন্ট সিরিসেনা এখন রাষ্ট্রীয় সফরে চীনে আছেন। এ বছরের জানুয়ারি মাসে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন সিরিসেনা। আগের প্রেসিডেন্টদের মতো সিরিসেনা তাঁর পরিবারের সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা নেননি। তিনি তাঁর নিজের নিরাপত্তার ক্ষেত্রেও বেশ কাটছাঁট করেছেন।