'বিনোদন নগর' গড়বে সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী রিয়াদের পাশে বিনোদনের নগরী গড়ে তুলবে সৌদি আরব। ছবি: রয়টার্স
রাজধানী রিয়াদের পাশে বিনোদনের নগরী গড়ে তুলবে সৌদি আরব। ছবি: রয়টার্স

রাজধানী রিয়াদের পাশে ‘বিনোদন নগর’ গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছে সৌদি আরব। রাজধানী রিয়াদের অদূরে এই নগর গড়ে তোলা হবে, যা হবে জিব্রাল্টার থেকে ৫০ গুণ বড়।

আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়, একটি সাফারি পার্কসহ ৩৩৪ বর্গ কিলোমিটারের এই শহরে থাকবে খেলাধুলা, সংস্কৃতি ও বিনোদনমূলক কর্মকাণ্ডের সুব্যবস্থা। এই ধরনের শহর বিশ্বে এটাই হবে প্রথম। আগামী বছরের শুরুতে এর নির্মাণকাজ শুরু হবে। প্রথম ধাপের কাজ শেষ হবে ২০২২ সালে।

বৃহত্তম মহাপরিকল্পনার অংশ হিসেবে এই নগর গড়ে তোলা হবে। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্য ও তেল নির্ভরতা কমাতে দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এক বছর আগে রূপকল্প ২০৩০ ঘোষণা করেন। এসব কর্মসূচির মধ্যে সাম্প্রতিকতম হলো এই বিনোদন নগর তৈরির ঘোষণা। আয়তনের দিক থেকে এই নগর হবে রাজধানী রিয়াদের আয়তনের এক পঞ্চমাংশ।

কর্তৃপক্ষ বলছে, তারা আশা করছে, এই নগর শুধু দর্শনার্থীদেরই আকৃষ্ট করবে না, রাজধানীবাসীকে এই নগর ‘স্বাস্থ্যকর ও ছন্দময় জীবন দেবে এবং আরও বেশি বিনোদন, আনন্দ ও মজা এনে দেবে।’