'বিশ্বজুড়ে সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে গত মাসে যে আলোচিত সাইবার হামলার ঘটনা ঘটেছিল, তার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা ছিল বলে মনে করছেন যুক্তরাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা। এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তে নেতৃত্ব দিয়েছে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি)।
বৈশ্বিক ওই সাইবার হামলায় বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবস্থায় অচলাবস্থা দেখা দেয়। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) ব্যবস্থার বেশ কিছু অংশ বিকল করে দিয়েছিল তা। এ ছাড়া হ্যাকিংয়ের শিকার দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেন, ইতালির মতো উন্নত প্রযুক্তির রাষ্ট্রও ছিল। হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওয়েবসাইট এভাবে অচল করে দিয়ে বিনিময়ে ৩০০ মার্কিন ডলার দাবি করে, যা ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়েছিল।
ব্রিটিশ একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এনসিএসসি মনে করছে, লাজারাস নামের একটি হ্যাকার গোষ্ঠী হ্যাকিংয়ের ওই ঘটনা ঘটিয়েছিল। যুক্তরাষ্ট্রের কম্পিউটার নিরাপত্তা বিষয়ক ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ও লাজারাসের ব্যাপারে সতর্ক করেছিল। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সনি পিকচার্স এই একই গোষ্ঠীর লক্ষ্যে পরিণত হয়েছিল।