ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে রায় এটিই তুলে ধরেছে যে, ব্রিটিশ নাগরিকেরা তাঁদের ‘বোধশক্তি হারিয়ে ফেলছেন’। এর মাধ্যমে এটিও স্পষ্ট হয়েছে যে, তাঁরা এমন ‘একটি জাতির অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন, যা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকতে পছন্দ করে’।
গত শুক্রবার গণভোটের রায় প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় গতকাল শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এমন মন্তব্য করেছে।
ইইউয়ে থাকা, না-থাকা প্রশ্নে সিদ্ধান্ত নিতে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে হওয়া ঐতিহাসিক গণভোটে বিচ্ছেদের (ব্রেক্সিট) পক্ষে রায় দেন দেশটির সংখ্যাগরিষ্ঠ ভোটার।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র বলে পরিচিত পত্রিকা গ্লোবাল টাইমস এক সম্পাদকীয় নিবন্ধে বলেছে, এত দিন আটলান্টিকের দুই পারের দুই দেশ (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) ক্ষমতা খাটাচ্ছিল। এখন এ ক্ষমতা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (চীন-জাপান) ঝুঁকে পড়ছে।
এই পত্রিকা আরও বলেছে, চীনের জনগণ বর্তমান বিশ্বায়ন ও গণতন্ত্রের যুগে এক জটিল সময় পার করছে। তারা যুক্তরাজ্যের এই ‘গণতান্ত্রিক’ গণভোটের রায়ের ফলাফলের ওপর নজর অব্যাহত রাখবেন।
যেকোনো দেশে নির্বাচনের কারণে অনিশ্চয়তা দেখা দিলে সে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরে চীনের কমিউনিস্ট পার্টি নিয়মিতভাবে তাদের শাসনের বৈধতা আদায়ের চেষ্টা চালায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উত্থান নিয়ে সাম্প্রতিক সময়ে চীনের সরকারি গণমাধ্যম চটকদার খবরের ফুলঝুরি ফোটায়। এখন ব্রেক্সিট একই রকম প্রচার পাচ্ছে।
চীনের সরকারি অন্যান্য গণমাধ্যম ইইউবিরোধীদের দাবি বিবেচনায় নিয়ে বলেছে, ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হওয়ার পরপরই যুক্তরাজ্য দ্রুত উদীয়মান এশীয় শক্তিগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ে অগ্রসর হতে পারে।
চীনের গণমাধ্যম ব্রেক্সিটের পক্ষে রায়ের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যকে নিয়ে তির্যক মন্তব্য করলেও চীনা সরকারি কর্মকর্তারা অবশ্য এ ধরনের প্রতিক্রিয়া দেখানো থেকে নিজেদের বিরত রেখেছেন। এমনকি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং গণভোটে ব্রেক্সিট নিয়ে অন্য বিশ্বনেতাদের মতোই বিরোধিতায় যোগ দিয়েছেন।