'ভয়ানকভাবে উল্টে যাচ্ছিল নৌযানটা'
ইয়াংজি নদীতে গত সোমবার ডুবে যাওয়া প্রমোদতরির মাত্র যে ১৪ জন জীবন নিয়ে ফিরতে পেরেছেন, তাঁদের একজন ঝাং হুই (৪৩)। জীবন রক্ষাকারী একটি জ্যাকেট পরা ঝাং ১০ ঘণ্টা নদীর উত্তাল স্রোতে ভেসে চলার পর গত মঙ্গলবার তাঁকে উদ্ধার করা হয়। খবর বিবিসির।
ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বার্তা সংস্থা সিনহুয়াকে ঝাং বলেন, ‘তখন আমি প্রমোদতরির একটি কক্ষের ভেতর ছিলাম। হঠাৎ ঝড় শুরু হলো। একপর্যায়ে মনে হলো, নৌযানটি ভয়ানকভাবে কাত হয়ে পড়েছে। অন্তত ৪৫ ডিগ্রি তো হবেই। আমি ক্ষিপ্রগতিতে একটি লাইফ জ্যাকেট নিই। তারপর জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ি নদীতে। এরপর শুরু হয় ভেসে থাকার লড়াই।’
রাতভর নদীতে ভাসতে থাকেন ঝাং। এ বিষয়ে পরে তিনি বলেন, ‘মনকে বলছিলাম, ভেঙে পড়লে চলবে না। মনোবল শক্ত রাখতে হবে। যে করেই হোক আমাকে ভেসে থাকতে হবে। শুধু এইটুকুই। এরপর সব ঠিক হয়ে যাবে। ঠিকই উদ্ধার করা হবে আমাকে।’
দুঃসহ দীর্ঘ প্রহর কেটে একসময় ভোর হয়। একটি জেটির লোকজন ঝাংকে নদীতে ওই রকম ভাসতে দেখে সহযোগিতায় এগিয়ে যান। তাঁকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। ভয়াবহ এ নৌদুর্ঘটনায় চার শতাধিক মানুষ গতকাল বুধবার পর্যন্ত নিখোঁজ ছিল।