'ভারত এনএসজির সদস্য হলে চীনের ক্ষতি'
ভারত আন্তর্জাতিক পরমাণু প্রযুক্তি সরবরাহ গোষ্ঠী বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি) সদস্য হলে দেশটির সঙ্গে পাকিস্তানের পরমাণু অস্ত্রের লড়াই বাড়বে। ভারতের সদস্যপদ চীনের জাতীয় স্বার্থের জন্যও ক্ষতিকর। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস-এর এক সম্পাদকীয় কলামে এ মতামত তুলে ধরা হয়।
ওই কলামে বলা হয়, ভারত ও পাকিস্তান দুই দেশই এ অঞ্চলের পরমাণু শক্তিধর দেশ। এরা একে অপরের পরমাণু সক্ষমতা সম্পর্কে অবগত। ভারত এনএসজির সদস্য হলে তা এর চিরশত্রু পাকিস্তানকে ক্ষুব্ধ করবে।
লেখায় আরও বলা হয়, ভারতের সঙ্গে পরমাণু সক্ষমতার ক্ষেত্রে বড় ধরনের কোনো ব্যবধান তৈরি হোক, পাকিস্তান তা কখনোই চায় না। আর তাই ভারত এনএসজির সদস্য হলে দুই দেশের মধ্যে পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা বাড়বে। এর ফলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নষ্ট হবে না, এটি চীনের জাতীয় স্বার্থেরও বিরুদ্ধে যায়।
লেখায় উল্লেখ করা হয়, এনএসজিতে ভারতের সদস্যপদ লাভের পক্ষে যুক্তরাষ্ট্র এবং এ সংস্থার বেশ কয়েকটি দেশ বেশ তৎপর। সেখানে চীনের বিরোধিতা ভারতকে ক্ষুব্ধ করেছে।
এনএসজিতে ভারতের সদস্যপদ নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও মেক্সিকো সফর করেন। ৪৮ সদস্যের এই সংস্থায় ভারতের সদস্যপদ লাভে বেশির ভাগ সদস্যরাষ্ট্রের সম্মতি থাকলেও এর অন্যতম বিরোধী চীন। এ ছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও অস্ট্রিয়াও এর বিরোধী। সম্প্রতি ভিয়েনায় এনএসজির সদস্যদের বৈঠকে ভারতের সদস্যপদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২০ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠেয় আরেক বৈঠকে এ নিয়ে আলোচনার সম্ভাবনা আছে।