মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় ইরাকের ফালুজা শহরের কাছে কমপক্ষে নয় ইরাকি সেনা নিহত হয়েছে। ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল ওবায়দি নিশ্চিত করেছেন, পাশ্চাত্যের যৌথ বাহিনী ওই সেনাদের আইএস জঙ্গি মনে করে যুদ্ধবিমান থেকে হামলা চালালে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
খালেদ আল ওবায়দি গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, ফালুজার কাছে ইরাকি সেনারা জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে এগোচ্ছিল। খারাপ আবহাওয়ার কারণে ইরাকি হেলিকপ্টার তাঁদের সহায়তা করতে না পারায় পাশ্চাত্যের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান থেকে সহায়তা দেওয়া হচ্ছিল। কিন্তু ‘ভুলক্রমে’ ওই বিমান ইরাকি সেনাদের ওপরই হামলা করে বসে।
যৌথ বাহিনী এক বিবৃতিতে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছে, সমন্বয়ের ঘাটতি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদিকে টেলিফোন করে দুঃখ প্রকাশ করেছেন।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিবিসি জানায়, গতকাল শনিবার অ্যাশ কার্টার সাংবাদিকদের বলেছেন, দুই পক্ষের ভুল-বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন।
ইরাকি সেনাবাহিনী আনবার প্রদেশে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।
ইরাকে যৌথ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের যুদ্ধবিমান থেকে শত্রুপক্ষের ওপর দুটি হামলা চালানো হয়। জঙ্গিরা পিছু হটলে ইরাকি বাহিনী দ্রুত অগ্রসর হতে সক্ষম হয় এবং দ্রুত জঙ্গিদের সঙ্গে প্রায় মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে পড়ে। এ সময় বিমান থেকে তৃতীয় হামলাটি চালানো হয়। ভুলক্রমে তা ইরাকি সেনাদের আঘাত করে।