
সপ্তাহ দুয়েক আগেই আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। সেই আঘাতের পরও টিকে থাকা স্থাপনাগুলোর ভিত্তি ছিল দুর্বল। এরপর গতকাল মঙ্গলবার আবার শক্তিশালী ভূমিকম্পের আঘাত। আগের আঘাতের ধাক্কা সইতে না সইতেই নতুন আঘাত আসায় স্বভাবতই মানুষজন হয়ে পড়ে চরম আতঙ্কিত। খবর এএফপি ও রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ভূমিকম্পের সময় নেপালের রাজধানী কাঠমান্ডুর আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসে। প্রথমে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর অন্তত ছয়-সাতবার পরাঘাত হয়, যার মধ্যে একটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার।
কাঠমান্ডুতে কর্মরত ইউনিসেফ কর্মকর্তা রোজ ফলি জানান, প্রথম দফা আঘাত হানার পরপরই তাঁরা নিরাপত্তার স্বার্থে কার্যালয় থেকে বের হয়ে পড়েন। কিন্তু একের পর এক পরাঘাত হওয়ায় ভীতিকর অবস্থা তৈরি হয়। তিনি বলেন, ‘মনে হচ্ছিল, কম্পনটা চলছেই। আমরা অতি তাড়াতাড়ি বের হয়ে যাই। কিন্তু খোলা জায়গায় গিয়ে বসে পড়লেও একটার পর একটা পরাঘাত হচ্ছিল। তখন মনে হচ্ছিল, আমি উত্তাল সাগরে একটি নৌকার ওপরে বসে আছি।’
আতঙ্কে রাস্তায় নেমে আসা লোকজনকে তাদের সন্তানদের শক্ত করে আঁকড়ে ধরে থাকতে দেখা যায়। অনেকেই মুঠোফোনে কল দিয়ে স্বজনদের অবস্থা জানার চেষ্টা করে। ভূমিকম্প

আঘাত হানার সঙ্গে সঙ্গে দোকানপাটও বন্ধ হয়ে যায়। আর স্বজনদের খোঁজে লোকজন রাস্তায় নামায় রাস্তাগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে।
ঘটনার সময় একটি সবজিবাজারে ছিলেন সুরেশ শর্মা। তিনি বলেন, ‘ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই রাস্তায় জনতার ভিড় শুরু হয়ে যায়। এটা ছিল খুবই ভীতিকর অবস্থা। আমি পথই খুঁজে পাচ্ছিলাম না।’
গতকালের ভূমিকম্প গত ২৫ এপ্রিলের ভূমিকম্পের মতো শক্তিশালী না হলেও লোকজনের আশঙ্কা ছিল, আগের ভূমিকম্পে নড়বড়ে হয়ে পড়া ভবনগুলো ধসে পড়তে পারে। ২৫

এপ্রিলের ঘটনার পর থেকেই পরিবার নিয়ে তাঁবুতে বাস করে আসছেন দীপক কৈরালা। তিনি বলেন, ‘আমি একটি ভাড়া বাড়িতে ওঠার চিন্তা করছিলাম। কিন্তু আজ যতটা ভয় পেয়েছি, তাতে আমি আর আমার পরিবারের জীবনের ঝুঁকি নেব না।’
আতঙ্কিত লোকজন রাস্তায় এতটাই ভিড় করে যে কাঠমান্ডু হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রবেশের জায়গাও বন্ধ হয়ে যায়। অ্যাম্বুলেন্সগুলোর জায়গা করে দিতে সেখানে চিকিৎসাকর্মী ও স্বেচ্ছাসেবীদের মানববন্ধন রচনা করতে দেখা যায়। এ ছাড়া ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছে।
ভূমিকম্পের সময় কেঁপে কেঁপে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লির ভবনগুলোও। এতে করে লোকজন রাস্তায় নেমে আসে। উত্তর ভারতের অন্যান্য শহরেও ভূমিকম্পের প্রভাব পড়েছে। বিশেষ করে ওই এলাকায় অবস্থিত বিহার রাজ্যে কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া একজন চীনা কর্মকর্তা জানান, ২৫ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে কিছু এবারের আঘাতে ধসে পড়ায় লোকজন আতঙ্কে রয়েছে।