'মাইক্রোফোন কূটনীতি' বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান মতবিরোধ ‘মাইক্রোফোন কূটনীতি’ দিয়ে দূর করা যাবে না। ‘যথার্থ উপায়ে’ এসব সমস্যা মোকাবিলা করতে হবে। এ বছর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফল যুক্তরাষ্ট্র সফরের স্বার্থেই তা করতে হবে। একজন জ্যেষ্ঠ চীনা কূটনীতিক গত বুধবার এ মন্তব্য করেছেন। খবর রয়টার্সের।
দক্ষিণ চীন সাগরে বিরোধ নিয়ে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বেশ কয়েকবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ওই সাগরের বিরোধপূর্ণ এলাকায় চীনের একটি কৃত্রিম দ্বীপ তৈরি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। সাগরটির পুরো এলাকাকেই নিজের জলসীমা হিসেবে দাবি করে থাকে বেইজিং। তবে এর মালিকানার দাবিদার ভিয়েতনাম, ফিলিপাইনসহ আঞ্চলিক আরও কয়েকটি দেশ। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ওই সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি কম্পিউটার ব্যবস্থায় হ্যাকারদের সাম্প্রতিক হামলার ঘটনায়ও বেইজিংয়ের দিকে অভিযোগের আঙুল তোলে ওয়াশিংটন।
তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের উপমিশন প্রধান উ শি মনে করছেন, ‘বিচ্ছিন্ন কোনো ইস্যুকে’ চীন-যুক্তরাষ্ট্র সার্বিক সম্পর্কের ওপরে প্রভাব ফেলার সুযোগ করে দেওয়া ঠিক হবে না। তিনি বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে এসব মতবিরোধ দ্বিপক্ষীয় বাণিজ্যসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর কাছে কিছুই নয়।
ওয়াশিংটনের ক্যাপিটল হিলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উ শি বলেন, ‘মাইক্রোফোনের কূটনীতি ফিরিয়ে আনা বা একে অপরের প্রতি আঙুল তোলার মতো বিষয়গুলো কোনো সমস্যারই সমাধান বয়ে আনবে না।’ মার্কিন কংগ্রেসের মার্কিন-চীন ওয়ার্কিং গ্রুপের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হলো, আমাদের মতবিরোধগুলোকে স্বীকার করে নেওয়া, একে অপরকে শ্রদ্ধা করা এবং একটি প্রকৃত সংলাপে সম্পৃক্ত হওয়া। আজকে আমরা যে সিদ্ধান্তটা নেব, সেটাই আমাদের এই মহান দুই দেশের ভবিষ্যৎকে ঠিক করে দেবে। পুরো বিশ্বের ক্ষেত্রেই একই কথা।’
অনেকের মতে, দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান তৎপরতা এমনকি সামরিক সংঘাতেরও ঝুঁকি তৈরি করেছে। সম্প্রতি চীনের নির্মাণাধীন কৃত্রিম দ্বীপটির কাছ ঘেঁষে উড়ে যায় একটি মার্কিন নজরদারি আকাশযান। এ সময় চীনা নৌবাহিনী বেশ কয়েকবার সতর্কবার্তা পাঠায়। তবে জবাবে প্রতিবারই মার্কিন আকাশযানটির পাইলটের উত্তর ছিল, তাঁরা আন্তর্জাতিক জলসীমার আকাশই ব্যবহার করছেন। এ ঘটনার পর চীন ওয়াশিংটনের কাছে কড়া প্রতিবাদ জানায়। এমনকি ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হলে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা ঘটে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেয় বেইজিং।
চীনা কূটনীতিক উ শি বলেন, আগামী সেপ্টেম্বরেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি। তার আগেই বিদ্যমান মতপার্থক্যগুলো দূর করতে আগামী ২২-২৪ জুনের মার্কিন-চীন কৌশলগত ও অর্থনৈতিক সংলাপ এবং এ সপ্তাহে একজন শীর্ষ চীনা সামরিক কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরকে কাজে লাগানো উচিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের উচিত মতবিরোধগুলোকে একটি যথার্থ উপায়ে মোকাবিলা করা।’
মার্কিন-চীন সম্পর্কে বর্তমানে কোনো ‘উত্তেজনা’ বিরাজ করছে না বলেও দাবি করেন কূটনীতিক উ শি। তাঁর ভাষ্য, এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রশ্নে দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। অতীতে কোনো বিষয়ে মতবিরোধ হলে ওয়াশিংটন ও বেইজিং আলোচনা করেই তার সমাধান করেছে। ভবিষ্যতেও তার ব্যত্যয় ঘটবে না।