'মানবপাচারে জড়িত' মানুসের বিরুদ্ধে ১৩ অভিযোগ

থাইল্যান্ডের সেনা উপদেষ্টা মানুস কংপানের বিরুদ্ধে ১৩ অভিযোগ এনেছে সে দেশের পুলিশ। গতকাল বুধবার সারা রাত জেরার পর আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এ অভিযোগগুলো আনা হয়। তবে জেরাতে বরাবরই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন মানুস। খবর ব্যাংকক পোস্টের।
মানুসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো শিশুসহ মানবপাচারে জড়িত থাকা, পাচারের মাধ্যমে বিদেশিদের নিজের দেশে নিয়ে এনে বন্দী করা, বন্দীদের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করা, আন্ত:দেশীয় অপরাধ সংগঠন, বন্দীদের নির্যাতন এবং বন্দীদের মেরে লাশ গুম করা ইত্যাদি। মানবপাচারে জড়িত সন্দেহে থাই পুলিশের হাতে আটক সরকারের গুরুত্বপূর্ণ আরও ৫২ কর্মকর্তার বিরুদ্ধেও এই একই অভিযোগ আনা হয়েছিল। পুলিশের সন্দেহের তালিকায় থাকা আরও ৩২ গুরুত্বপূর্ণ ব্যক্তি পলাতক।
পাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি রেনং প্রদেশের সন্দেহভাজন পাচারকারীর বাড়িতে চালানো পুলিশের অভিযানের সময় মানুস কংপানের ব্যাংক হিসাবে অবৈধ অর্থ স্থানান্তরের বিস্তারিত তথ্য পাওয়া যায়। ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওই অর্থ স্থানান্তরের ঘটনা ঘটে। এরপরই সেদেশের একটি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে মানুস কংপান গতকাল বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাজকীয় থাই পুলিশের দপ্তরে আত্মসমর্পণ করেন। সেনাবাহিনীর আইন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে থাই পুলিশপ্রধান সোময়ুত পমপানমাংয়ের সঙ্গে সাক্ষাৎ করে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শঙ্খলায় প্রাদেশিক পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
ব্যাংকক পোস্টের খবরটিতে বলা হয়, পুলিশের তদন্তকারী একটি দল এবং সরকারি কৌঁসুলিরা পালাক্রমে গতকাল বিকেল চারটা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় আট ঘণ্টা মানুসকে জিজ্ঞাসাবাদ করে। পুরো সময়েরই মানুস বাংলাদেশ ও মিয়ানমার থেকে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। হাত ইয়াইয়ের ৪২ মিলিটারি সার্কেলের কয়েকজন সেনা সদস্য এবং সেনা বাহিনীর আইন কর্মকর্তারা এই জেরার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। গতকাল রাতের জেরা শেষে আজ সকালে তিন তারকা পাওয়া এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে ১৩টি অভিযোগ আনে পুলিশ।
মানুস কিছু সময়ের জন্য তাঁকে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন পুলিশের কাছে। পুলিশ সে আবেদন নাকচ করে আজ স্থানীয় এক আদালতে জেরার সময় বৃদ্ধির জন্য আবেদন করে।