'মার্কিন হামলায়' সিরিয়ার ৬২ জন সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দাইর আল-জুর এলাকায় সরকার অনুগত বাহিনীর ৬২ জন সেনা গত শনিবার বিমান হামলায় নিহত হয়েছেন। তাঁরা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছিলেন। এ ঘটনায় মার্কিন বিমান হামলাকে দায়ী করেছে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী ওই এলাকায় বিমান হামলা চালানোর কথা স্বীকার করলেও বলেছে, তারা ঘটনাস্থলে সিরীয় সেনাদের উপস্থিতির খবর পেয়ে হামলা বন্ধ করে দিয়েছিল।
সিরিয়ার সরকার বিমান হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র এএফপিকে গতকাল রোববার বলেছে, সিরীয় সেনাবাহিনী এ আক্রমণের জবাব দিয়েছে।
মার্কিন প্রশাসনের একজন মুখপাত্র সিরীয় সেনাদের ‘অনিচ্ছাকৃত প্রাণহানির’ জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বিমান হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তিক্ত বিতর্ক হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন, তারা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকে ‘লোক দেখানো’ ব্যস্ততার ভান করছে। জবাবে রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, যুক্তরাষ্ট্রের ‘মাথা গরম আচরণের’ এমন নমুনা তিনি আগে কখনো দেখেননি।
সিরিয়ায় রুশ-মার্কিন উদ্যোগে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির মধ্যেই থেমে থেমে লড়াই অব্যাহত রয়েছে। এর মধ্যে রাশিয়া শনিবার হুঁশিয়ারি দিয়ে বলেছিল, অস্ত্রবিরতি লঙ্ঘন হলে যুক্তরাষ্ট্রকেই দায় নিতে হবে। সিরীয় সেনাদের ওপর শনিবারের হামলার ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমঝোতায় সিরিয়ায় অস্ত্রবিরতি পরিকল্পনার বাস্তবায়ন হুমকির মুখে পড়েছে।
মার্কিন বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলেছে, তারা আইএসের অবস্থান লক্ষ্য করেই হামলা চালিয়েছিল। তবে রুশ কর্মকর্তারা সেখানে সিরীয় সেনা উপস্থিতির কথা জানানোর পরপরই জোট বাহিনী হামলা বন্ধ করে দেয়। জোট বাহিনী ইচ্ছা করে সিরীয় সেনাদের ওপর হামলা করেনি।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন বিমান হামলা যদি ভুলবশত না হয়ে থাকে তবে বলতে হয়, মস্কোর সঙ্গে সমন্বিত সামরিক তৎপরতার ব্যাপারে ওয়াশিংটন একগুঁয়েমি দেখিয়ে রাজি হয়নি বলেই এমন ঘটেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বলেছে, মার্কিন যুদ্ধবিমানের চারটি হামলায় দেইর আল-জুরে কমপক্ষে ৬০ জন সিরীয় সেনা নিহত হয়। সিরিয়ার একজন সেনা কর্মকর্তার বক্তব্য অনুযায়ী ওই হামলার ফলে আইএস জঙ্গিরা অগ্রসর হওয়ার সুযোগ পেয়েছে।
বিমান ভূপাতিত করার দাবি আইএসের: দেইর আল-জর শহরে আইএসের জঙ্গিরা সিরীয় সরকারের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে আইএসের বার্তা সংস্থা হিসেবে পরিচিত আমাক খবর দিয়েছে। পর্যবেক্ষণ সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার ওই মিগ বিমানের পাইলট নিহত হয়েছেন।