'মালয়েশিয়ার উদ্যোগ অপমানকর'
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় অশান্ত রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার একটি মুসলিম সংস্থা সহায়তা পাঠানোর যে পরিকল্পনা করেছে, তাকে ‘অপমানকর’ বলে মন্তব্য করেছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সুই। দেশটির কেন্দ্রীয় মানব পাচার প্রতিরোধ সংস্থার সঙ্গে বৈঠক শেষে গত শুক্রবার সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
মালয়েশিয়ার ওই সংস্থা রোহিঙ্গাদের জন্য ২০০ টন চাল, চিকিৎসা-সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম-সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে। সরঞ্জামবাহী ওই নৌযানগুলো ১০ জানুয়ারি রওনা হওয়ার কথা। এ বিষয়েই কেন্দ্রীয় মানব পাচার প্রতিরোধ সংস্থার সঙ্গে বৈঠক করেন মিয়ানমারের সেনা-সমর্থিত সাবেক সরকারের সীমান্তবিষয়ক মন্ত্রী এবং পরে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সুই। তিনি সাংবাদিকদের বলেন, এটা মেনে নেওয়া অসম্ভব, কারণ এর কোনো মানে নেই। সরকারি পর্যায়ে কাজটা হতে হবে। তারা সরাসরি রাখাইন রাজ্যে চলে যেতে পারে না। যদি তারা এটা করতে চায়, তবে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে অবশ্যই অবহিত করতে হবে।
এর আগে মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র জ্য তে গত বুধবার বলেন, মিয়ানমারে প্রবেশের জন্য সরকারের কাছ থেকে অনুমতি নেয়নি মালয়েশিয়ার ওই সংস্থা। যদি তারা অনুমতি না নিয়েই প্রবেশ করে, তাহলে নৌযানগুলো ঝুঁকিতে পড়বে, এমনকি মিয়ানমারের নিরাপত্তা বাহিনী তাদের থামাতে কিংবা আক্রমণ করে বসতে পারে এবং যানগুলোয় থাকা সদস্যদের ফেরত পাঠানো হতে পারে।
এরই মধ্যে ইন্দোনেশিয়ার সরকার রোহিঙ্গাদের সহায়তার জন্য খাবার, শিশুখাদ্য ও কাপড় বোঝাই ১০টি জাহাজ পাঠিয়েছে রাখাইনে। গত ১৯ ডিসেম্বর আসিয়ানের বৈঠকে রাখাইনের সংকটকে কেন্দ্র করে আলোচনার সময় মিয়ানমারের নেত্রী অং সান সু চির কাছে তাঁর দেশে মানবিক সহায়তা পাঠাতে নির্বিঘ্ন প্রবেশের সুযোগ চায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকার।
এদিকে রাখাইন রাজ্যের কাউন্সিলরের কার্যালয় থেকে শুক্রবার জানানো হয়েছে, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর তিনটি পোস্টে গত ৯ অক্টোবরের হামলার ঘটনায় কোদি মুলা ও মামত আরলং নামে আরও দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত এ রাজ্যে প্রায় ৬০০ ব্যক্তিকে আটক করা হলো। এ ছাড়া সেনা অভিযানে প্রায় ৯০ জন নিহত হয়েছে।
রাজ্য কাউন্সিলরের কার্যালয় থেকে আরও জানানো হয়েছে, মংডু পৌরসভার গুয়াসোন গ্রাম থেকে গত বৃহস্পতিবার একজন গ্রাম প্রশাসককে ছয়জন অস্ত্রধারী ব্যক্তি অপহরণ করেছে। এ বিষয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।