'যুদ্ধের প্রস্তুতি' নিয়ে রাখার আহ্বান উত্তর কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিয়ে রাখার আহ্বান জানিয়েছেন দেশটির নেতা কিম জং-উন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আসন্ন যৌথ সামরিক মহড়া সামনে রেখে এ আহ্বান জানালেন তিনি। খবর এএফপির।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া প্রতিবছরই কোরিয়া উপদ্বীপে যৌথ সামরিক মহড়া করে থাকে। এ নিয়ে উপদ্বীপে ব্যাপক উত্তেজনা শুরু হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে গতকাল সোমবার বলা হয়, দেশটির ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) এক বৈঠকে ‘ঐতিহাসিক’ একটি ভাষণ দিয়েছেন নেতা কিম জং-উন। এ সময় তিনি বলেছেন, সেনাবাহিনীকে ‘শত্রুর উসকানির মাধ্যমে শুরু হওয়া যেকোনো ধরনের যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত’ থাকতে হবে।
উত্তর কোরিয়ার একটি সামরিক মহড়ার পর সিএমসির ওই বৈঠক হলো। নেতা কিম জং-উনের ব্যক্তিগত তত্ত্বাবধানে অনুষ্ঠিত ওই মহড়ায় সীমান্তে দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে প্রতীকী হামলা চালানোর দৃশ্য ফুটিয়ে তোলা হয়। মহড়ায় যেসব গোলন্দাজ ইউনিট অংশ নেয়, তারাই ইয়োনপিয়ং নামের দক্ষিণ কোরীয় দ্বীপটিতে ২০১০ সালে গোলাবর্ষণ করেছিল। ওই ঘটনায় চারজনের প্রাণহানির পর দুই দেশের মধ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে বলা হয়, কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) ‘যুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা’র ওপরে জোর দিয়েছেন নেতা কিম জং-উন। পাশাপাশি কেপিএর ‘কলকবজা’ ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। তবে এ বিষয়ে এর বেশি কিছু জানানো হয়নি। খবরে আরও বলা হয়, সিএমসির বৈঠকে জাতীয় প্রতিরক্ষা-সংশ্লিষ্ট কর্মকাণ্ডগুলোতে ‘আমূল পরিবর্তন’ আনার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
উত্তর কোরিয়া এ পর্যন্ত তিন দফা পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি তারা চতুর্থ দফা পরীক্ষা চালানোর হুমকিও দিয়েছে। মানবাধিকার রেকর্ডের শোচনীয় অবস্থার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিভিন্ন নতুন পদক্ষেপ নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে ওই হুমকি দেওয়া হয়। আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু হলে এ উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।