'রাষ্ট্রদ্রোহী' পরমাণু বিজ্ঞানীকে ফাঁসি দিল ইরান

ইরানে ২০১০ সাল থেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক থাকা একজন পরমাণুবিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়েছে। শাহরাম আমিরি নামের ওই বিজ্ঞানীর পরিবার শনিবার বিষয়টি নিশ্চিত করেছে।
শাহরাম আমিরির মা বিবিসিকে বলেছেন, সরকারি কর্তৃপক্ষ তাঁর ছেলের মৃতদেহ বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মৃতদেহের গলায় ফাঁসির দড়ির দাগ ছিল। আমিরিকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
বলা হয়ে থাকে, ইরানের পরমাণু কার্যক্রম সম্পর্কে শাহরাম আমিরি অনেক কিছুই জানতেন। ইরানের অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে এসব তথ্য পাচার করেছেন। তবে আমিরি আগেই দাবি করেছিলেন, সিআইএ তাঁকে অপহরণ করে তাঁর কাছ থেকে পরমাণু কার্যক্রমসংক্রান্ত তথ্য আদায় করেছে।
শাহরাম আমিরি ২০০৯ সালে সৌদি আরবে হজে যাওয়ার পর হঠাৎ নিখোঁজ হন।
২০১০ সালের জুনে দৃশ্যত যুক্তরাষ্ট্রের কোথাও ধারণ করা এক ভিডিওচিত্রে আমিরিকে বলতে শোনা যায়, সিআইএ তাঁকে অপহরণ করে তথ্য নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছে। ওই বছরেরই ১৩ জুলাই ওয়াশিংটন ডিসিতে পাকিস্তান দূতাবাসে ধারণ করা এক ভিডিওচিত্রে আমিরি নিজ দেশে ফেরার আবেদন জানান। দুদিন পরই ১৫ জুলাই তিনি ইরানে ফেরেন এবং বিমানবন্দরে তাঁকে নায়কোচিত সম্ভাষণ জানানো হয়। তবে ২০১১ সালের মে মাসে আমিরিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করা হয় এবং বিচারে তাঁর দীর্ঘদিনের কারাদণ্ড হয়।
মার্কিন কর্মকর্তারা বিবিসিকে এর আগে জানিয়েছিলেন, আমিরিকে অপহরণ করা হয়নি। তিনি নিজেই পক্ষ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে যান এবং অনেক ‘উপকারী তথ্য’ সিআইএর হাতে দেন।