'রুশ গোয়েন্দার' শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ করেছে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গত বুধবার এক ব্যক্তিকে শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ করেছে। ওই ব্যক্তিকে রাশিয়ার গুপ্তচর বলে দাবি করেছে আইএস। জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। পাশাপ​​াশি রয়টার্স জানিয়েছে, তাৎ​ক্ষণিকভাবে তারা ওই ভিডিওচিত্রের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

ওই ভিডিওচিত্রে দেখা যায়, কমলা রঙের পোশাক পরা একজন ব্যক্তি বসে থেকে নিজের রুশ গোয়েন্দা সংস্থায় নিয়োগ পাওয়ার বিস্তারিত বর্ণনা দেন। এরপর আইএসের একজন সদস্য রুশ ভাষায় রাশিয়া ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হামলা চালানোর হুমকি দেন। এরপর তিনি কমলা রঙের পোশাক পরা ব্যক্তির শিরশ্ছেদ করেন।
আইএসের পক্ষ থেকে এই প্রথমবারের মতো রাশিয়ার একজন নাগরিককে আটক করা ও তার শিরশ্ছেদ করার দাবি করা হলো। রাশিয়া অবশ্য এর আগে কখনোই তার কোনো নাগরিক আইএসের হাতে আটক থাকার কথা উল্লেখ করেনি।
সাইটের দাবি, সিরিয়ার রাকা প্রদেশে ওই ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। রাকা আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত।
এদিকে ওই ভিডিওচিত্র প্রকাশের পর রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি কিংবা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
আইএস এর আগেও বেশ কয়েকজন পশ্চিমা নাগরিকের শিরশ্ছেদ করার ভিডিওচিত্র প্রকাশ করে।