'রোহিঙ্গা প্রশ্নে সু চির অবস্থান কাপুরুষোচিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা প্রশ্নে অং সান সু চির অবস্থানকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস-এর সম্পাদকীয়তে। বিভিন্ন মৌলিক অধিকার, এমনকি নাগরিকত্ব থেকে বঞ্চিত রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও বঞ্চনা নিয়ে কার্যত নিশ্চুপ থেকে দেশে-বিদেশে ইতিমধ্যেই সমালোচিত হয়েছেন দেশটির গণতন্ত্রকামী আন্দোলনের প্রতীক বিবেচিত সু চি। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রকে ‘রোহিঙ্গা’ শব্দটি না ব্যবহারের আহ্বান জানিয়ে নতুন করে আলোচনার জন্ম দেন।
নিউইয়র্ক টাইমস-এর সম্পাদকীয়তে বলা হয়েছে, রোহিঙ্গাদের নিয়ে সু চির এই অবস্থানের কারণ, তিনি জাতীয়তাবাদী বৌদ্ধদের খ্যাপাতে চান না। তিনি হয়তো এই ভয় পান যে, এর ফলে বিভিন্ন জাতিগোষ্ঠীর একত্রীকরণের কাজ বাধাগ্রস্ত হতে পারে।
এতে আরও বলা হয়, যে সু চি মানবাধিকার শব্দটির সমার্থক, অন্যায়ের বিরুদ্ধে যিনি কঠোর অবস্থান নিয়েছেন, তিনিই রোহিঙ্গাদের অস্বীকার করার সেনা সরকার প্রবর্তিত ব্যবস্থাকে সমর্থন দিচ্ছেন।
এদিকে রোহিঙ্গা শব্দটি না বলতে সু চির আহ্বানের পরও মিয়ানমারে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্কট মার্সিয়েল গতকাল মঙ্গলবার বলেছেন, তিনি ওই জনগোষ্ঠীকে রোহিঙ্গা বলা অব্যাহত রাখবেন। মার্সিয়েল বলেন, ‘বিশ্বজুড়ে আমাদের অবস্থান হলো, যে জাতি যেভাবে তাদের পরিচিতি তুলে ধরে, সেভাবেই তাদের স্বীকৃতি দেওয়া।’