'রোহিঙ্গা নিপীড়নে' নতুন দুটি আইন না করার আহ্বান
সম্প্রতি দুটি নতুন বিল অনুমোদন করেছে মিয়ানমারের পার্লামেন্ট। একটি ধর্মান্তরের বিরুদ্ধে; অন্যটি বহুবিবাহের বিরুদ্ধে কড়াকড়ি আরোপবিষয়ক। দেশটির কর্তৃপক্ষ সাম্প্রতিক মাসগুলোতে বিতর্কিত যে চারটি আইন প্রণয়নের উদ্যোগ নেয়, বিল দুটি তারই অংশ। সংখ্যালঘু রোহিঙ্গাদের নিপীড়নে হাতিয়ার হবে এসব আইন।
বিতর্কিত এই বিল দুটিতে সই না করতে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ।
‘রেস অ্যান্ড রিলিজিয়ন প্রোটেকশন বিলস’ শীর্ষক আইনগুলো প্রণয়নে মূল ভূমিকা রাখছে মিয়ানমারের প্রভাবশালী বৌদ্ধ জাতীয়তাবাদী গোষ্ঠী মা বা থা। তারা ২০১৩ সালের মাঝামাঝি সময়ে এ বিষয়ে প্রথম চাপাচাপি শুরু করে। গত বছরের শেষের দিকে সেটি পার্লামেন্টে ওঠে।
আগেই পার্লামেন্টের অনুমোদন লাভ করা দুটি বিলের একটিতে আন্তধর্মীয় বিয়ের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। অন্যটিতে জন্মহার সীমিত রাখতে স্থানীয় সরকারকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট থেইন সেইন সই করায় বিল দুটি এরই মধ্যে আইনে পরিণত হয়েছে। সর্বশেষ দুটি বিলও একই পরিণতির দিকে যাচ্ছে। বর্মি ভাষাভাষীর পত্রিকা দি মিরর-এর খবর মোতাবেক, কোনো প্রকার কাটছাঁট ছাড়াই বিল দুটি মিয়ানমারের পার্লামেন্টে পাস হয়েছে। এখন প্রেসিডেন্ট সই দিলেই সেগুলো চূড়ান্ত আইনে পরিণত হবে।
বিলগুলো যে বিরোধিতা ছাড়াই পাস হয়েছে, তেমনটি নয়। মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এর বিরুদ্ধে ভোট দেয়। দলটির পার্লামেন্ট সদস্য উইন মিন্ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পার্লামেন্টে আমাদের আসন কম। সুতরাং আমরা যেমনটি চাই, তা সব সময় ঘটে না।’
নতুন বিল দুটিতে কী আছে, তার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে এরই মধ্যে এমন উদ্যোগ কড়া সমালোচনা কুড়িয়েছে। বিশেষ করে প্রতিক্রিয়াশীল বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে এই উদ্যোগ আসার কারণেই ভয়টা বেশি। এসব ভিক্ষু মনে করেন, তাঁদের ধর্ম ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি মিয়ানমারের সংখ্যালঘুদের বিরুদ্ধে সংখ্যাগুরু বৌদ্ধ উগ্রবাদীদের সহিংসতা ক্রমেই বৃদ্ধির প্রেক্ষাপটে এসব আইন পাস হচ্ছে।
বৌদ্ধ ভিক্ষু উইরাথ এসব আইনকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, এসব আইন থাকলে সব নাগরিকই নিরাপদ থাকবে। দেশের জাতীয় নিরাপত্তা ও শান্তির জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিক্ষু উইরাথু মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাবিরোধী নানা বক্তব্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে কুখ্যাতি অর্জন করেছেন। এক মন্তব্যে তিনি মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার দূত ইয়াংহি লিকে ‘বেশ্যা’ আখ্যায়িত করেন। দূত লি রোহিঙ্গাদের দমন-নিপীড়নের সমালোচনা করেছিলেন।
জাতিসংঘের মতে, রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠী। মিয়ানমারের আইনি ব্যবস্থায় তাদের অধিকারবঞ্চিত করা হয়েছে। এ ব্যবস্থার মূলে রয়েছে দেশটির ১৯৮২ সালের নাগরিকত্ব আইন, যেখানে নাগরিকদের পূর্ণাঙ্গ, সহযোগী ও স্বাভাবিক—এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যাদের পূর্বপুরুষেরা ১৮২৩ সালে মিয়ানমারে বসতি গেড়েছে বা যারা দেশটির স্বীকৃত ১৩৫টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য, কেবল তাদের জন্যই পূর্ণাঙ্গ নাগরিকত্ব সংরক্ষিত। সম্প্রতি পরিচালিত আদমশুমারিতে এই তালিকায় রোহিঙ্গা সম্প্রদায়ের ঠাঁই হয়নি।
এইচআরডব্লিউর এশিয়া উপপরিচালক ফিল রবার্টসন রোববার এক বিবৃতিতে বলেন, বিল দুটি পাসের মাধ্যমে মিয়ানমারের পার্লামেন্ট মৌলিক মানবাধিকারকে অবজ্ঞা করেছে। এর মাধ্যমে দেশটিতে আন্তসাম্প্রদায়িক সম্পর্ক আরও শোচনীয় হতে পারে। কারণ, এই বৈষম্যমূলক আইনগুলো মুসলিমবিরোধী মনোভাব উসকে দিতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট থেইন সেইনকে বিল দুটিতে সই করা থেকে বিরত থাকতে হবে।
সূত্র: দ্য সিটিজেন অনলাইন।