'রোহিঙ্গাদের নাগরিকত্ব দিন'
মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নাগরিকত্ব দেওয়ার পথ সুগম করতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে একটি আন্তর্জাতিক কমিশন মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তারা রোহিঙ্গাদের অবাধ চলাচলের স্বাধীনতাও দিতে বলেছে।
মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতা চালাচ্ছে—এই অভিযোগের পটভূমিতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এই কমিশন গঠন করেন।
কমিশনের রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, রোহিঙ্গাদের ওপর আরোপ করা নানা ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সংখ্যালঘু রোহিঙ্গা এবং সংখ্যাগুরু বৌদ্ধ জনগোষ্ঠী উভয়েই উগ্রপন্থার পথে যেতে পারে।
এদিকে স্থানীয় বাসিন্দা, ত্রাণকর্মী ও পর্যবেক্ষকেরা বলেছেন, রাখাইনের জেডি পাইন গ্রামে তিন সপ্তাহ ধরে শত শত রোহিঙ্গা মুসলমানকে কর্মস্থলে দিচ্ছে না প্রতিবেশী বৌদ্ধরা। বিদ্যমান পরিস্থিতিতে ২০১২ সালে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে সৃষ্ট সাম্প্রদায়িক সহিংসতার মতো ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে।